ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে লড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।
শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে আয়োজিত এক সম্মেলনে তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়।
ঘোষণার সময় সাদিক কায়েম নিজেও উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থিতার বিষয়টি চূড়ান্ত হলেও আগামী দুই-এক দিনের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হতে পারে। এ বিষয়ে সাদিক কায়েম তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
নির্বাচনি প্রস্তুতি হিসেবে সাদিক কায়েম ইতোমধ্যে তার জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে স্থানান্তর করে ঢাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এখন পর্যন্ত বড় কোনো প্রকাশ্য প্রচারণা শুরু না করলেও তিনি নিয়মিত দলীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ঢাকার উত্তর ও দক্ষিণ উভয় সিটি করপোরেশনের জন্যই দলের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। খুব দ্রুতই আনুষ্ঠানিকভাবে তাদের নাম প্রকাশ করা হবে।
রিফাত/