বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘দীর্ঘদিন ধরে জনগণ তাদের পছন্দের একটি সরকারের জন্য অপেক্ষা করেছে এবং সেই প্রত্যাশা ও স্বপ্নের প্রতিফলন ঘটেছে বর্তমান সরকারের কার্যক্রমে।’
শুক্রবার (১ মে) সিলেটে প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন অনুষ্ঠানের ভেন্যু সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, ‘আগামীকাল (শনিবার) মাননীয় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং কোনো ধরনের অসুবিধার আশঙ্কা নেই। নির্বাচনের সময় জনগণের কাছে যে উন্নয়ন পরিকল্পনার কথা দেওয়া হয়েছিল, সেই পরিকল্পনার আলোকে সিলেটে বাস্তব উন্নয়ন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এসব উন্নয়নের একটি সামগ্রিক চিত্র আগামীকালই সবার সামনে স্পষ্ট হবে।’
সিলেটবাসীর দীর্ঘদিনের নানা দাবি-দাওয়া ও প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘এসব বিষয়ে বিস্তারিত বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল তার ভাষণে তুলে ধরবেন। আমরা আশাবাদী সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি-দাওয়া ও প্রত্যাশার বাস্তবায়ন ঘটবে।’
স্থানীয় সংসদ সদস্য হিসেবে মন্ত্রীর পরিদর্শনকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ প্রশাসনের কর্মকর্তা এবং সিলেট মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সফরসূচি থেকে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে আকাশপথে ঢাকা থেকে সিলেটে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেট পৌঁছে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে বেলা ১১টার দিকে সিলেট সার্কিট হাউস–সংলগ্ন সুরমা নদীর পাড়ের চাঁদনিঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে অংশ নেবেন। বেলা ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
একই দিন দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া নদীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর বেলা তিনটায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু ও কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন। বিকেল পাঁচটায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় এক সভায় যোগ দিয়ে তিনি ঢাকায় ফিরবেন।
এসএন/