দেশে হামের প্রাদুর্ভাব ও বিপুল সংখ্যক শিশুর মৃত্যুতে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এই পরিস্থিতিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বর্ণনা করে দায়ীদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় পার্টি প্রধান এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে জিএম কাদের বলেন, গণমাধ্যমের তথ্য অনুযায়ী চলতি বছরের গত ৫৫ দিনে (১৫ মার্চ থেকে ১০ মে) পর্যন্ত হামে ৬৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জন। প্রায় ৭ হাজার শিশুর শরীরে হাম শনাক্ত হওয়ার পাশাপাশি উপসর্গ দেখা দিয়েছে ৪৭ হাজারের বেশি শিশুর মধ্যে।
জি এম কাদের বলেন, ‘প্রতিরোধযোগ্য একটি রোগে এত বিপুল সংখ্যক শিশুর মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সময়মতো টিকা নিশ্চিত করতে ব্যর্থতা, দায়িত্বে অবহেলা কিংবা সমন্বয়হীনতা যে কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়ে থাকুক না কেন, তার দায় সংশ্লিষ্টদের বহন করতে হবে।’
শিশুদের টিকা থেকে বঞ্চিত করাকে ‘অমানবিক অপরাধ’ হিসেবেও অভিহিত করেন তিনি।
হাসপাতালগুলোতে চিকিৎসার সীমাবদ্ধতা নিয়ে জিএম কাদের বলেন, বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে হাসপাতালগুলোতে এই রোগের যথাযথ চিকিৎসা অপর্যাপ্ত। শিশু মৃত্যুর সংখ্যা বৃদ্ধির এটি অন্যতম কারণ। জরুরি ভিত্তিতে চিকিৎসার সুবিধাদি বৃদ্ধির ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বিবৃতিতে তিনি এই মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেন।
ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি ঠেকাতে জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, ‘শিশুস্বাস্থ্য ও গণটিকাদান কর্মসূচিকে রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রেখে সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’
জয়ন্ত সাহা/অন্তরা