দেশের প্রয়োজনে সেনাসদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে আসছেন এবং ভবিষ্যতেও প্রয়োজনে কাজ করে যেতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
তিনি বলেন, ‘২০২৪ সালের ২০ জুলাই থেকে দেশের প্রয়োজনে সেনাসদস্যরা মাঠে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে। অনেক সৈনিক আমরা প্রত্যাহার করেছি, তবে এখনো পুরোপুরি প্রত্যাহার সম্পন্ন হয়নি। আশা করছি, কিছু সময়ের মধ্যেই আমরা ব্যারাকে ফিরে যেতে পারব।’
সেনাপ্রধান আরও বলেন, ‘তারপরও দেশের প্রয়োজনে আমাদের কিছু কাজ করে যেতেই হবে। যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের চাইবে, ততক্ষণ মাঠে থেকে দায়িত্ব পালন করতে হবে। সময় সময় বিভিন্ন কাজে সরকারকে সহযোগিতা করতে হতে পারে। পাশাপাশি আমাদের মূল দায়িত্ব হচ্ছে ক্যান্টনমেন্টে ফিরে প্রশিক্ষণ ও যুদ্ধ প্রস্তুতির কার্যক্রম পুনরায় শুরু করা।’
বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘দেশের ক্রান্তিলগ্নে সেনাসদস্যদের ভূমিকা জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।’
প্রতিযোগিতায় বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের অভিনন্দন জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেও সেনাসদস্যরা ফায়ারিং প্রতিযোগিতায় যে দক্ষতা দেখিয়েছে, তা সত্যিই অভূতপূর্ব।’
পরে তিনি বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
গত ১৬ মে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় এ ফায়ারিং প্রতিযোগিতা শুরু হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়।
প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স (এমজিও), বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির কমান্ড্যান্ট, ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কুমিল্লা এরিয়ার এরিয়া কমান্ডার, ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও সিলেট এরিয়ার এরিয়া কমান্ডারসহ সেনাসদর ও বিভিন্ন ফরমেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অমিয়/