চলমান কারফিউ আরও শিথিল করা যায় কি না সে বিষয় আজ শনিবার নিয়মিত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার (২৬ জুলাই) রাতে নিজ বাসভবনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। পুরোপুরি স্বাভাবিক হলেই কারফিউ তুলে নেওয়া হবে। বর্তমানে চলমান কারফিউ আরও শিথিল করা যায় কি না সে বিষয় শনিবার নিয়মিত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
আসাদুজ্জামান খান বলেন, কারফিউ শিথিল করা যায় কি না আমরা দেখছি। পুলিশ বিজিবি, সেনাবাহিনী কাজ করছে। জনজীবন স্বাভাবিক হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। জনগণকে ধৈর্য ধরতে হবে। এ বিষয়ে শনিবার আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তিনি।
এ সময় আন্দোলনের নামে নৃশংস হত্যাযজ্ঞ হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের এই ক্ষতির দায় কে নেবে? বিএনপি বলছে সহিংসতার মধ্যে তারা নেই। তাহলে কে করেছে? এটা জনগণের প্রশ্ন।
কোটা আন্দোলনের সমন্বয়কদের আটক বা গ্রেপ্তার করা হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোটা আন্দোলনকারী নেতারা নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের নিরাপত্তার জন্যই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ডাকা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
অমিয়/