বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসনের সঙ্গে বৈঠক করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ। অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে ছিলেন ডেপুটি হেড অব মিশন ক্লিনটন পোবকে ও প্রথম সচিব লারা অ্যাডামস।
বৈঠক শেষে আমীর খসরু সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘নির্বাচনের জন্য সময় বেঁধে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাই না।’
বিএনপির এই নেতা বলেন, ‘আমরা তো যৌক্তিক সময়ের কথা বলেছি। যৌক্তিক সময়ের পরিধি যারা স্টেকহোল্ডার আছে তারা বিবেচনা করবেন। আমরা একটা সময় বেঁধে দিয়ে তাদের ওপর চাপ সৃষ্টি করতে চাই না। আমরা চাই সরকার সফলভাবে তাদের কাজগুলো করুক। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন প্রক্রিয়ার কাজ শুরু হোক। আমরা নিশ্চিত তারা সে কাজটি করবে।’
আমীর খসরু বলেন, ‘অস্ট্রেলিয়ান হাইকমিশনার জানতে চেয়েছেন, শেখ হাসিনা সরকার পতনের পর বিএনপি কী ভাবছে ও অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস কেমন হয়েছে।’
তিনি বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে কবে নির্বাচন হবে, নির্বাচনের জন্য কত সময় লাগতে পারে তা জানতে চেয়েছেন। নির্বাচনের আয়োজনের জন্য কী কী পরিবর্তন প্রয়োজন তা নিয়ে আলোচনা হয়েছে। এ সময় আমাদের দলের প্রত্যাশা ও অস্ট্রেলিয়া-বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে দুই দেশের ব্যবসা-বাণিজ্য, এই অঞ্চলের ভূ-রাজনীতি ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে। আপনারা জানেন, অস্ট্রেলিয়ায় আমাদের অনেক ছাত্র পড়াশোনা করছে। সেখানে তারা আরও কী ভূমিকা রাখতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে।’
জেলা প্রশাসক নিয়োগে সচিবালয়ে হাতাহাতি হয়েছে, জনগণ বিষয়টি ভালোভাবে নিচ্ছে না এমন প্রশ্নে আমীর খসরু বলেন, ‘গত ১৫-১৬ বছরে দেশে চরমভাবে রাজনীতিকরণ হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে নিজেদের লোক বসানোর ফলে দেশের নির্বাহী বিভাগ দলীয় নির্বাহী বিভাগে পরিণত হয়েছে। এখান থেকে বেরিয়ে আসা খুব সহজ কাজ নয়। হয়তো ভুলত্রুটি থাকতে পারে, আমরা বলব আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য। নিজেদের মধ্য আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নিলে ভালো হবে। কারণ বিগত শেখ হাসিনা রেজিম নির্বাহী বিভাগকে ধ্বংস করে চলে গিয়েছেন। এখান থেকে বেরিয়ে আসতে হলে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে।’
মিজানুর রহমান/সালমান/