ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য চাল-ডাল ও তেলসহ সেনাবাহিনীর কাছে আটক হওয়া নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম ভূঁইয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শুক্রবার বিকেলে দলীয়ে কার্যালয়ে দলের জরুরি এক সভায় দলের শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য উপজেলার পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম ভূঁইয়াকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার জায়গায় সিনিয়র সহসভাপতি আব্দুল সালামকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।
জয়নাল আবেদীন আরও বলেন, ভবিষ্যতে দলের যে কেউ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করবে, তাকেই বহিষ্কার করা হবে।
এর আগে, গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে স্থানীয় কেন্দুয়া থানা পুলিশ বাদী হয়ে টিসিবির পণ্য প্রতারণা করে কৌশলে নিয়ে গিয়ে আত্মসাৎ করার উদ্দেশ্যে নিজ বাড়িতে মজুদ রাখার অভিযোগে আটক আবুল হাসেম ভূঁইয়ার নামোল্লেখসহ অজ্ঞাত আরও দুই তিন জনকে আসামি করে মামলা দায়ের করে। পরে আটক আবুল হাসেম ভূঁইয়াকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে নেত্রকোনা আদালতে সোপর্দ করে পুলিশ।
আবুল হাসেম ভূঁইয়া পাইকুড়া ইউনিয়নের বাড়লা গ্রামের মৃত আব্দুল জব্বর ভূঁইয়ার ছেলে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত বলেন, 'কেন্দুয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক বাদী হয়ে আবুল হাসেম ভূঁইয়ার নামোল্লেখসহ অজ্ঞাত আরও দুই তিন জনকে আসামি করে মামলাটি করেন। পরে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামি আবুল হাসেম ভূঁইয়াকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাটি তদন্ত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।'
তদন্ত কমিটির বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার বলেন, 'সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাকে আহ্বায়ক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।'
প্রশাসন, পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, গত বুধবার (২ অক্টোবর) পাইকুড়া ইউনিয়নের মিয়া হোসেন মার্কেট এলাকায় মেসার্স আয়েশ ট্রেডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের এক প্রতিনিধি টিসিবির পণ্য বিক্রি শুরু করতে যান। এ সময় স্থানীয় বিএনপি নেতারা প্রভাব খাঁটিয়ে এসব পণ্য কেড়ে নিয়ে যান। স্থানীয়দের অভিযোগের মাধ্যমে বিষয়টি সেনাবাহিনীকে জানতে পেরে বৃহস্পতিবার সকালে মদন অস্থায়ী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. সেলিম মিয়ার নেতৃত্বে যৌথবাহিনী বিএনপি নেতা আবুল হাসেম ভূঁইয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘর থেকে টিসিবির ১৮০ কেজি চাল, ৭০ কেজি মসুর ডাল ও ৭২ লিটার সয়াবিন তেল উদ্ধারসহ তাকে আটক করে স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।