বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হকোন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রেক্স মোলার ও সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাক্স উইক্সের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২১ অক্টোবর) রাজধানীর গুলশানে নরওয়ের রাষ্ট্রদূতের বাসায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্ব একটি প্রতিনিধিদলের ব্রেকফাস্ট মিটিং অনুষ্ঠিত হয়।
বৈঠকে জামায়াতের পক্ষে অংশ নেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন। আর নরওয়ের ডেপুটি হেড অব মিশন মারিয়ান রাবে ন্যাভেলসরুড উপস্থিত ছিলেন।
এক বিবৃতিতে জানানো হয়, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মিটিংটি চমৎকার ও সন্তোষজনক হয়েছে। এ সময় নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনের সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে গণতন্ত্র ও নির্বাচন পদ্ধতি এই আলোচনায় স্থান পায়। বর্তমানে নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বিদ্যমান থাকায় এ ব্যাপারে তাদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুর ব্যাপারে তারা তাদের পরামর্শ তুলে ধরেন। বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
শফিকুল/সালমান/