ইসলামি আইন বাস্তবায়ন ছাড়া দেশ থেকে বৈষম্য দূর হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, দেশে ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন করলে শ্রমজীবী মানুষ সুখ-শান্তি ফিরে পাবেন।
শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুজিবুর রহমান বলেন, ৫ আগস্ট দেশে গণ-অভ্যুত্থান হয়েছে। গণ-অভ্যুত্থানে ছাত্র, শিক্ষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন। শত শত ছাত্র, শ্রমিক, জনতা জীবন দিয়েছেন। তাদের গণ-অভ্যুত্থানে স্বৈরাচার সরকার পালিয়ে গেছে।
ফেডারেশনের সহসভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার, নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, ফেডারেশনের সহসভাপতি গোলাম রব্বানী, লস্কর মো. তসলিম, মাস্টার শফিকুল আলম প্রমুখ।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন দেশের প্রচলিত শ্রমিক সংগঠন থেকে ব্যতিক্রম সংগঠন। শ্রমিকদের মুক্তির জন্য ইসলামি শ্রমনীতির বাস্তবায়ন প্রয়োজন। ইসলামি শ্রমনীতির এই স্বতন্ত্রধারা বাংলাদেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাত ধরে সূচনা ঘটে।
শফিক/এমএ/