বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘গত সাড়ে ১৫ বছর বিএনপির মিছিলে লোক খুঁজে পাইনি। আর এখন এত বিএনপি হয়েছে যে, মঞ্চেই জায়গা পাওয়া যায় না।’
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নাটোরের তেবাড়িয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যের প্রয়োজন জানিয়ে দুলু বলেন, ‘৫ আগস্টের পর থেকে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতারা এসব ইন্ধন দিচ্ছেন। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সব রাজনৈতিক দলের ঐক্যের বিকল্প নেই। দেশ এখন সঠিকভাবে চলছে না। ঢাকার রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এই সরকারের মধ্যে এখন আওয়ামী লীগের লোক রয়েছে। তাদের শিগগির সরিয়ে নতুন লোকদের সেখানে বসানো উচিত। তাই নির্বাচিত জবাবদিহিমূলক সরকার না থাকলে দেশ সঠিকভাবে চলতে পারে না। বিভিন্ন জায়গায় চুরি, ডাকাতি, ছিনতাই বেড়ে গেছে। তাই আমরা অতিসত্বর নির্বাচন দেওয়ার দাবি জানাই।’
তেবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্যসচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুলসহ আরও অনেকেই বক্তব্য দেন।