বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত দেরি হবে, ষড়যন্ত্র তত বাড়বে। সাবেক স্বৈরাচার দেশি-বিদেশি প্রভুদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেই চলেছে।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে স্থানীয় টাউন ফুটবল ময়দানে বিএনপির চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মেলন-২০২৪-এর উদ্বোধনী অধিবেশনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বর্তমান সরকার যে সংস্কারের কথা বলছে, সেই সংস্কার বিএনপিও চায়। বেশি সংস্কার করতে গিয়ে নির্বাচনে দেরি হলে ষড়যন্ত্রকারীরা সুযোগ নিতে পারে। শুধু নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমেই সংস্কারের বাস্তবায়ন ও একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে বিদ্যমান সমস্যা সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
দীর্ঘ ১৪ বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হলো। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান (বাবু)। সর্বশেষ ২০১০ সালে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ কখনোই গণতান্ত্রিক দল ছিল না। তারা ফ্যাসিবাদী দল। তাদের বডি ক্যামেস্ট্রিতে গণতন্ত্র নেই। পুরোটাই তারা ফ্যাসিবাদী। চায়ের দোকানে বা রেস্টুরেন্টে দেখবেন টেবিল চাপড়ে যারা সবচেয়ে জোরে কথা বলছেন, কাউকে কথা বলতে দিচ্ছেন না, তারাই হচ্ছেন আওয়ামী লীগের নেতা-কর্মী। তাদের বডি ল্যাঙ্গুয়েজ এমনই।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, জাসাস চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি কামরুজ্জামান বাবলু, জেলা মহিলা দলের সভানেত্রী রউফুন নাহার, জেলা শ্রমিক দলের সভাপতি এম জেনারেল ইসলাম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক তবারক আলী।
জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, বিএনপির খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপি খুলনা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল প্রমুখ।