৩১ দফার রূপরেখার মাধ্যমেই আমরা রাষ্ট্রসংস্কার ও মেরামত করে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারব বলে মন্তব্য করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
তিনি বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মাজা ভেঙে দিয়েছে। সেই ধ্বংসস্তুপ থেকে রাষ্ট্রসংস্কার ও মেরামতের মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার রূপরেখা দিয়েছেন। সেই রাষ্ট্রসংষ্কারের ৩১ দফা আমাদের রাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি হয়ে পরেছে।
রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর উত্তরা ১০নং সেক্টরে কামারপাড়া স্কুল এন্ড কলেজ মাঠে তুরাগ থানা বিএনপির এক কর্মীসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, গত ১৫ বছর ধরে ক্ষমতাচ্যুত আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনা সরকার বাংলাদেশের জনগণ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে অবৈধভাবে ক্ষমতার মসনদে আঁকড়ে বসেছিল।
তিনি বলেন, পতিত আওয়ামী স্বৈরাচার সরকার ক্ষমতা ধরে রাখতে তারা গত ১৭ বছরে বিভিন্ন প্রক্রিয়া ব্যবহার করেছে, ২০১৮ সালে তারা রাতের অন্ধকারে ভোট করেছে, ২০২৪ সালে ভোটার শূন্য ডামি নির্বাচন করেছে।
আমিনুল হক আরও বলেন, আওয়ামী স্বৈরাচার সরকার বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, তারা শেয়ার বাজারকে ধ্বংস করে দিয়েছে, ব্যাংকগুলো ডাকাতি ও লুটপাট করে ধ্বংস করে ফেলেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, সংস্কারের মূল উদ্দেশ্য হলো জনগণের ভাগ্যের পরিবর্তন করা। বাংলাদেশে সংস্কারের জনক বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভিশন-৩০ এর মাধ্যমে অনেক আগেই সংষ্কারের ধারণা দিয়েছেন। জনগণের নির্বাচনে ভোটের মাধ্যমে যে দল রাষ্ট্র ক্ষমতায় আসবে, সেই দলই রাষ্ট্রের সংস্কার করবে।
কর্মশালায় প্রধান বক্তার বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। তুরাগ থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ খোকার সভাপতিত্বে ও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, মো. আক্তার হোসেন, আতাউর রহমান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, তুহিরুল ইসলাম তুহিন, এম কফিল উদ্দিন আহমেদ, হাজী মো. ইউসুফ, শাহ আলম, মাহাবুবুল আলম মন্টু, মহানগর সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মো. জামির হোসেন, কৃষকদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব শফিকুর রহমান মিঠু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব মহসিন সিদ্দিকী রনি, শ্রমিক দল মহানগর উত্তরের সদস্য সচিব কামরুজ্জামান, মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব এ্যাড রুনা লায়লা প্রমুখ।
রবিবার দুপুর ৩টায় কোরাআন তেলাওয়াতের মধ্যে দিয়ে তুরাগ থানা বিএনপির কর্মীসভা শুরু হয়। এরপর দলীয় ও দেশাত্মবোধক গান গেয়ে কর্মশালা শুরু করা হয় এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বক্তব্যের পরে সভাটি সন্ধ্যা সাড়ে ৫টায় শেষ হয়।
শফিকুল ইসলাম/মাহফুজ/এমএ/