মুন্সীগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটে ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে সাধারণ শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
রবিবার (৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মীদের পরীক্ষা দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় এক ছাত্রদল কর্মীসহ দুজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় আনা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে ঘটনার পর বিশৃঙ্খলা এড়াতে ৯ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় ও শিক্ষার্থীরা জানান, রবিবার দুপরে ক্যাম্পাসের বিভিন্ন বিভাগে ভাইভা পরীক্ষা চলছিল। এ সময় তারিফ ও আশিক পক্ষের কিছু ছাত্রলীগ কর্মী ক্যাম্পাসে গেলে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদল কর্মীরা প্রতিবাদ জানায়। এতে উত্তেজনা তৈরি হয়। এর মধ্যে ছাত্রলীগের কর্মীদের সমর্থন জানিয়ে কিছু বহিরাগত লোক ক্যাম্পাসে উপস্থিত হলে সংঘর্ষ বাধে। এ সময় ছাত্রদলের চার এবং ছাত্রলীগের দুজন শিক্ষার্থী আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনী আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছেন আহতরা।
আহত ছাত্রদল কর্মী আল-আমিন বলেন, ‘ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মীরা প্রবেশ করলে সবাই তার বিরোধিতা করেন। এ সময় তারা বহিরাগতদের ফোন দিয়ে আনলে আমাদেরকে ব্যাপক মারধর করে। আমাকে সুইচগিয়ার দিয়ে আহত করা হয়েছে। বাকি ছাত্র ও ছাত্রদল কর্মীদেরও আহত করেছে।’
ছাত্রলীগের আহত কর্মী দুর্জয় বলেন, ‘আমি আগে ছাত্রলীগ করতাম। আজ ক্যাম্পাসে পরীক্ষার জন্য এলে আমাদের আটকে রেখে ছাত্রদলের নেতা-কর্মীরা আমার ওপর হামলা চালায়।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সজিব দে বলেন, ‘উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
মঈনউদ্দিন সুমন/জোবাইদা/অমিয়/পপি/