বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে প্রবাসীদের কষ্টার্জিত লক্ষ-কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল।
আজকে বাংলাদেশের অর্থনীতি তলানিতে উল্লেখ করে তিনি বলেন, 'প্রবাসীরা ৫ বছরে যা আয় করেছে তা ফ্যাসিস্ট সরকার ১ বছরে বিদেশে পাচার করেছে। আওয়ামী লীগের টাকা পাচার ও নির্যাতন থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত। টাকা পাচার করে নির্যাতন নিপীড়ন করে কেউ ক্ষমতায় থাকতে পারে না।'
রবিবার (১২ জানুয়ারি) বিকালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাংস্থ পিঠাঘর রেস্টুরেন্টে ৩১ দফা নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গত কয়েক মাসে বাংলাদেশে ১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স জমা হয়েছে উল্লেখ করে সে হিসাবে বিগত ১৫ বছরে আওয়ামী সরকারের আমলে কত বিলিয়ন ডলার রেমিট্যান্স থাকার কথা ছিলো এবং সে ডলারগুলো কোথায়, প্রশ্ন রাখেন তিনি।
'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে' মন্তব্য করে তিনি বলেন, 'আজকে কেউ কেউ বৈষম্য বিরোধী আন্দোলনকে নিজেদের আন্দোলনের ফসল বলে দাবি করেছেন। কিন্তু না। বিএনপির এক দফা আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। যার নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র পুনর্গঠনে তিনি ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে সকলকে সঙ্গে নিয়ে সেই ৩১ দফার আলোকে রাষ্ট্র সংস্কার করা হবে।'
বিএনপি ক্ষমতায় গেলে প্রবাসীদের সমস্যা সমাধানে কাজ করবে বলে আশ্বাস দেন তিনি।
৩১ দফার মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান, সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, আয়োজক সংগঠনের নেতা মো. জাকির হোসাইন মুন্সী, মো. জায়েদুল ইসলাম, মো. নজরুল ইসলাম, মো. ইলিয়াস মিয়া, মো. শামীম আহম্মেদ বকুল, মো. মোজাম্মেল হোসাইন, মো. আশরাফুল খন্দকার প্রমুখ।
শফিকুল/সিফাত/