নানা আয়োজনে পালিত হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী।
রবিবার (১৯ জানুয়ারি) এ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রতিবেদন থেকে জানা যায়-
সিলেট ব্যুরো: দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে শিক্ষার্থীবান্ধব আয়োজনটি সবার দৃষ্টি কাড়ে। ব্যতিক্রমী এই আয়োজনের উদ্যোক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। শিক্ষার্থীবান্ধব এ আয়োজনে একাত্ম হন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রো-ভিসি অধ্যাপক সাজেদুল করিম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএমএ সিলেটের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীসহ আরও অনেকে।
জামালপুর: দিবসটি উপলক্ষে জামালপুরে আলোচনা সভা, দোয়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দুপুরে শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে জামালপুর জেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে। জেলা বিএনপির সহসভাপতি লিয়াকত আলী এতে সভাপতিত্ব করেন।
নেত্রকোনা : দিবসটি উপলক্ষে নেত্রকোনায় নিম্ন আয়ের ৪ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দুপুরে পৌর শহরের আট নম্বর ওয়ার্ডের নাগড়া সাহাপাড়ায় আয়োজন হয়। জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন খান রনি এসব বিতরণ করেন।
গোপালগঞ্জ প্রতিনিধি: দিবসটি উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি ও সহযোগী সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। দুপুরে জেলা শহরের বড় বাজারের জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জান এতে সভাপতিত্ব করেন।
মুন্সীগঞ্জ: জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া-আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি। দুপুরে মুন্সীগঞ্জ পৌর ২ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে এই কর্মসূচিতে শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আবু সুফিয়ান বিপ্লব ও জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানাসহ অন্যরা উপস্থিত ছিলেন। এ সময় দুই শতাধিক মানুষের মাঝে কম্বল তুলে দেন অতিথিরা।
জয়পুরহাট : জেলায় সকালে ১০টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন আলোচনাসভার সভাপতিত্ব করেন।
বাগেরহাট : আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে জন্মবার্ষিকী পালিত হয়েছে। সকালে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের সভাপতিত্বে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবর রহমান।
কুড়িগ্রাম : নানা আয়োজনে দিনটি পালন করেছে জেলা বিএনপি। সকালে দলীয় পতাকা উত্তোলন ও পরে দুপুরে দাদামোড়ে আলমাস কমিউনিটি সেন্টারে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফার এতে সভাপতিত্ব করেন।
মাগুরা : জন্মবার্ষিকী উপলক্ষে বিকেলে শহরের ভায়না এলাকা অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ।
ঈশ্বরদী (পাবনা) : দীর্ঘদিন পর নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জন্মবার্ষিকী পালন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আসর নামাজের পর শহরের রেলগেট এলাকায় মেসার্স জাকারিয়া পিন্টু কার্যালয়ে ঈশ্বরদী উপজেলা, পৌর বিএনপির এ আয়োজন করে।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. গোলাম কাদের চৌধুরী নোবেল।