দেশের প্রশাসনিক, অর্থনৈতিক, সামাজিক নানা খাতের সংস্কারের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করলে, সেটি প্রশ্নবিদ্ধ হবে বলে অভিমত দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে ঢাকার জাতিসংঘ কার্যালয়ে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউএনডিপি) প্রতিনিধিদলের সঙ্গে জামায়াতের নেতারা বৈঠক করেন।
বেলা সাড়ে ১২টার দিকে অনুষ্ঠিত এ সভায় জামায়াতের প্রতিনিধি হিসেবে ছিলেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
এদিকে ইউএনডিপির পক্ষে ছিলেন জাতিসংঘের রাজনৈতিক ও শান্তিপ্রতিষ্ঠাবিষয়ক বিভাগ এবং নির্বাচনি সহায়তা বিভাগের কর্মকর্তা সারা পিট্রোপাওলি, এশিয়া প্যাসিফিক বিভাগের রাজনৈতিক কর্মকর্তা আদিত্য অধিকারী ও ইউএনডিপির উপদেষ্টা নাজিয়া হাশেমি।
সভা শেষে ডা. সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের বলেন, ‘দ্রুত প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করে জাতীয় নির্বাচন আয়োজন করা উচিত। আমরা আজকের সভায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছি। তবে সংস্কারের আগে নির্বাচন আয়োজন করা হলে তা ত্রুটিপূর্ণ হবে।’ তবে সংস্কারের নামে ‘অযথা সময়ক্ষেপণ’ মানতে নারাজ দলটি।
আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জনগণ যে মতামত দেবে সেটিই আমাদের অবস্থান।’
এ ছাড়া নির্বাচনে ইউএনডিপির মিশনসহ যেকোনো আন্তর্জাতিক সংস্থাকে সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন ডা. তাহের।
নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রত্যেক কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনে প্রয়োজনীয় অর্থ সহায়তা চাওয়া হয়েছে বলে জানান তিনি।
এ ছাড়া একজনের দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকার নিয়ম বাতিলের পাশাপাশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যকে প্রাধান্য দিয়ে সংবিধান সংস্কারের আহ্বান জানান ডা. তাহের।
এ প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত আলোচনার বিকল্প নেই বলে মত তার।
বৈঠক শেষে জামায়াতের এই সাবেক সংসদ সদস্য বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের বৈধতা পুনর্বহাল আমাদের মৌলিক দাবি।’
অতীতে জামায়াতে ইসলামী এ বিষয়ে প্রস্তাব জানালেও আওয়ামী লীগ আমলে গুরুত্ব পায়নি বলে মন্তব্য করেন তিনি।
শফিকুল/নাইমুর/