দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে অন্তত তিনটি ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। এতে উপজেলা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ পাঁচজন নেতা আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া সাতটার দিকে ফুলবাড়ী পৌরশহরের ছোট যমুনা ব্রিজের পূর্বপ্রান্তে মিছিলটি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই এই ঘটনা ঘটে।
জানা গেছে, আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফুলবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একটি মিছিল বের করে। মিছিলটি পৌরশহরের বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে ফেরার পথে শহরের ছোট যমুনা নদীর ওপর ব্রিজের পূর্বপ্রান্তে পৌঁছালে মিছিল লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল ছুড়ে মারে। এ সময় তিনটি ককটেলের বিস্ফোরণ হয়।
ককটেলের আঘাতে আহত হন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাদত হোসেন সাহাজুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহেদ ইসলাম, যুবনেতা নূরনবী ও বকুল।
এ ঘটনায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং আহতদের ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদকের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আরও তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অপরদিকে এই ঘটনার পর রাত সোয়া ৮টার দিকে এর প্রতিবাদে বিএনপি আরও একটি প্রতিবাদ মিছিল বের করে।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিবলি সাদিক জানান, আওয়ামী লীগের লিফলেট বিরতরণ কর্মসূচির প্রতিবাদের আমরা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে পৌরশহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে ফিরছিলাম। এ সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা-কর্মী ও দোসররা আমাদের মিছিলে ৬টি ককটেল নিক্ষেপ করে। এতে তিনটি ককটেলের বিস্ফোরণ হলেও বাকি তিনটি ককটেল অক্ষত থাকে। ককটেলের আঘাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাদত হোসেন সাহাজুলসহ ৫ জন নেতা-কর্মী আহত হন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা-কর্মীসহ দোসরদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। পরে নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে কর্মসূচি জানানো হবে।
ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নবিউল ইসলাম বলেন, এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ ও ঘৃণা জানাচ্ছি। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
সুলতান/মেহেদী/