বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান অভিযোগ করেছেন, জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। কেউ বলছে সংস্কারের কথা, কেউ বলছে স্থানীয় নির্বাচন। কিন্তু বিএনপি স্পষ্ট জানিয়ে দিয়েছে- জাতীয় নির্বাচনের আগেই অন্য কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। কারণ জনগণের আস্থা ফেরাতে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন প্রয়োজন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর শহরের শকুনী লেকেরপাড় স্বাধীনতা অঙ্গনে বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নতি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জাফর আলী মিয়া।
সেলিমা রহমান বলেন, ‘গুম, খুনের জন্য শেখ হাসিনা এবং তার দল দায়ী। তাদের বিচার হতে হবে।’ তিনি আরও বলেন, ‘দ্রব্যমূল্যের লাগাম টানতে ছাত্রদল ও যুবদলকে মাঠে নামতে হবে। আওয়ামী লীগ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’
বিএনপি নেত্রী খালেদা জিয়ার কারাবাস ও শারীরিক অবস্থার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘দেশনেত্রী ১৫ বছর কারাগারে কাটিয়েছেন, মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তারেক রহমানের বিরুদ্ধেও ষড়যন্ত্র করা হয়েছে। গত ১৬ বছর ধরে শেখ হাসিনা সরকার বিএনপির ওপর নির্যাতন চালিয়ে আসছে। খুন, গুমের জন্য দায়ীদের বিচার অবশ্যই হবে।’
জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ, খোন্দকার মাশুকুর রহমান, হেলেন জেরিন খান, আনিসুর রহমান তালুকদার খোকন, কাজী হুমায়ুন কবিরসহ জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বক্তারা সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের ডাক দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
রফিকুল/তাওফিক/