মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আন্দালিব রহমান পার্থর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে দলের সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস মাতাব্বরের নেতৃত্বে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন দলটির নেতা-কর্মীরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের ইলিয়াস মাতাব্বর বলেন, ‘গত ১৭ বছর একুশের চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা,গণতন্ত্র, ভোটাধিকারহরণসহ জনগণকে নানাভাবে অধিকারহীন করে রাখা হয়েছে। ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে। এখন দরকার জনগনকে দেশের মালিকানা ফেরত দেওয়া।’
তিনি বলেন, ‘এজন্য সবার আগে জনগণকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই কেবল সংস্কারের বৈধ অধিক রাখেন। জনগনের ভোটাধিকার হরণের অর্থ হলো ফ্যাসিজম কায়েম করা। আর এটি হবে শত শহিদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা।’
তিনি আরও বলেন, ‘২১ ফেব্রুয়ারি শুধু মাতৃভাষা প্রতিষ্ঠার দিনই নয়, আমাদের স্বাধিকার, স্বাধীনতা ও মুক্তির প্রথম সংগ্রামের দিন। মাতৃভাষার জন্যজীবন উৎসর্গ করে ভাষা শহিদরা আত্মত্যাগের যে গৌরবদীপ্ত দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তা আমাদের অনুপ্রাণিত করেছে।’
শফিকুল ইসলাম/সুমন/