ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এবং নতুন ছাত্র সংগঠনে পদবঞ্চিত হওয়ার অভিযোগে আজ অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক এমজেএইচ মঞ্জু বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজ এবং আন্দোলনের ফেসবুক গ্রুপেও এটি শেয়ার করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় স্বার্থে সকলকে ধৈর্য ধারণের অনুরোধ জানাচ্ছি। দেশের সার্বিক পরিস্থিতি ও জনগণের স্বার্থ বিবেচনায় আজকের কর্মসূচি স্থগিত করা হলো।’
এর আগে গতকাল বুধবার ঢাবির মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তবে নির্ধারিত সময়ের সোয়া দুই ঘণ্টা পর উত্তেজনাকর পরিবেশে এই কমিটি ঘোষণা হয়। অভিযোগ ওঠে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাদ দিয়ে শুধু ঢাবি শিক্ষার্থীদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় তিনজন শিক্ষার্থী আহত হন। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, আহতের সংখ্যা অন্তত ১১ জন ছিল।
এই হামলার বিচার দাবি করে বৃহস্পতিবার (আজ) বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল। দাবি না মানলে শুক্রবার ‘ঢাকা ব্লকেড’ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছিল আন্দোলনকারীরা।
এদিকে ঢাবির মধুর ক্যান্টিনে আজ বিকেল ৪টায় কমিটি প্রকাশের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।
আরিফ/তাওফিক/