আগামী নির্বাচন সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
তিনি বলেন, ‘আগামী নির্বাচন যেন জনগণের ম্যান্ডেট নিয়ে এই সংবিধান বদলাতে পারে, সংস্কার করতে পারে সে জন্য আমরা বলেছি, সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন দরকার।’
বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, ‘সংস্কারের দুটো দিক আছে। সংস্কারের বিষয়ে দুটো দিক আমরা বারবার বলছি, সংস্কারের অনেকগুলো জায়গা আছে। যেগুলো নির্বাচনের আগেই নির্বাহী আদেশে সংস্কার করা সম্ভব। আবার অনেকগুলো সংস্কারের প্রশ্ন যেগুলো কাঠামোগত, এগুলো আসলে নির্বাচিত জনপ্রতিনিধিদের করতে হবে। সেই নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া সংবিধান পরিবর্তন করা আসলে কঠিন।’
তিনি বলেন, ‘আমরা বলছি, সংস্কারের ক্ষেত্রে যেভাবে ইতোমধ্যে ঐকমত্য কমিশন উদ্যোগ নিয়েছে, এই কাজটি ছিল তাদের করা সব রাজনৈতিক দলগুলো একমত হবে। সর্বসম্মত জায়গায় দাঁড়াবে। সেটি আমাদের জাতীয় সনদ আকারে সামনে আসবে। সেই পরিবর্তনগুলো আসবে। আর যেসব জায়গায় অনৈক্য আছে দ্বিমত আছে সেই সংস্কারগুলো, রাজনৈতিক দলগুলো অধিকতর জনমত গঠন করবে। জনগণের সমর্থনের ওপর বিষয়টি নির্ভর করবে।’
জোনায়েদ সাকি বলেন, ‘এদিকে আমরা যতটুকু সংস্কার করতে পারি তার অনেকগুলো হয়তো নির্বাচনের আগেই নির্বাহী আদেশে সম্ভব। আর যেগুলো পরিবর্তনের অঙ্গীকার থাকবে আগামী নির্বাচন যেন জনগণের ম্যান্ডেট নিয়ে এই সংবিধান বদলাতে পারে, সংস্কার করতে পারে- সে জন্য আমরা বলেছি সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন দরকার।’
এ সময় মুক্তিযুদ্ধে শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘আজকে স্বাধীনতা দিবসে প্রথমেই আমরা ১৯৭১ সালের আগে ও পরবর্তীতে বাংলাদেশের মুক্তিসংগ্রামে যারা আত্মোৎসর্গ করেছেন, তাদের সবার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এইবার এমন একটা সময়ে স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে যখন রমজান মাসের শেষ দিক, ছুটি শুরু। স্বাভাবিকভাবেই মানুষ বাড়ির দিকে ছুটছে।’
জোনায়েদ সাকি বলেন, ‘স্বাধীনতা দিবস এবারের আরও অনেক গভীর তাৎপর্য নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। বিশেষভাবে চব্বিশের জুলাই-আগস্টের যে গণ-অভ্যুত্থান, সেটা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের স্বপ্ন তৈরি হয়েছিল, যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেটিকে আবার নতুন করে সামনে নিয়ে এসেছে।’
এ সময় তার সঙ্গে গণসংহতি আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
ইমতিয়াজ/পপি/