ময়মনসিংহে রওশন এরশাদের বাড়ির নাম ‘দালাল মহল’ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ শহরের ফায়ার সার্ভিস রোডে অবস্থিত ভবনটির সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্টদের সহচর রওশন এরশাদের ‘সুন্দর মহলকে’ বাণিজ্যিক ভবন হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। তারা এ ভবনটিকে রেস্টুরেন্টের কাছে ভাড়া দিয়েছে। জাতীয় পার্টির নেতারা বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকারকে গণহত্যায় পুরোপুরি সমর্থন দিয়েছে।
এখন তারা নিজেদের বাঁচাতে সুশীলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই সুশীলতার আড়ালে তারা আওয়ামী লীগকেই পুনর্বাসন করতে চায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার অন্যতম সমন্বয়ক আব্দুল্লাহ আল নাকিব বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যতগুলো বিনা ভোটে নির্বাচন হয়েছে, সবগুলোতেই রওশন এরশাদ শেখ হাসিনাকে সমর্থন জানিয়েছেন। গণতন্ত্র হত্যাকারীদের অবশ্যই বিচার করতে হবে।’
সংগঠনটির মহানগর শাখার জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ওয়ালিদ আহমেদ ওলি বলেন, রওশনের এই ভবনে রেস্তোরাঁ করতে দেওয়া হবে না। আমরা এই ভবনকে সুন্দর মহল হিসেবে দেখতে চাই না। এই ভবনের নাম পরিবর্তন করে দালাল মহল করতে হবে। কারণ, জাতীয় পার্টি সবসময় আওয়ামী লীগের দালালি করেছে।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
কামরুজ্জামান মিন্টু/সুমন/