নারীবিষয়ক সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাব আগামী ৩ মের মধ্যে বাতিল করা না হলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
শুক্রবার (২৫ এপিল) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা ও মহানগর হেফাজতে ইসলাম আয়োজিত গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে এ হুঁশিয়ারি দেন। অন্যদিকে একই দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
নারায়ণগঞ্জের গণজমায়েতে মামুনুল হক বলেন, ‘নারী সংস্কার কমিশনের প্রস্তাব প্রত্যাহার করে এই কমিশন বাতিলসহ কমিশনের সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে হেফাজতে ইসলাম। সম্প্রতি নারীবিষয়ক সংস্কার কমিশনের দেওয়া বিতর্কিত প্রস্তাব নিয়ে অন্তর্বর্তী সরকার যদি ইসলাম ও কোরআনবিরোধী অবস্থান নেয়, তাহলে এই সরকারের সঙ্গে শেখ হাসিনার চেয়ে ভিন্ন আচরণ করবে না হেফাজতে ইসলাম।’
হেফাজতে ইসলামের জেলা সভাপতি মনির হোসেন কাসেমীর সভাপতিত্বে গণজমায়েতে আরও বক্তব্য রাখেন দলটির নায়েবে আমির আহমদ আলী, আব্দুল কাদির, সিনিয়র যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিবি, সাংগঠনিক সম্পাদক বশির উল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
খেলাফত মজলিসের বিক্ষোভ
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন প্রত্যাহার ও গঠিত কমিশন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। একই সঙ্গে ভারতে মুসলিম নির্যাতন বন্ধে সরকারকে ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। গতকাল বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে আয়োজিত সমাবেশ থেকে দলটির নেতারা এই দাবি জানান। নারী সংস্কার কমিশনকে ইসলামবিদ্বেষী বলে উল্লেখ করে তাদের প্রতিবেদন বাতিল এবং ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে এই সমাবেশ আয়োজন করে খেলাফত মজলিস ঢাকা মহানগর শাখা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘এই নারীবিষয়ক সংস্কার কমিশন আগাগোড়া ইসলামবিরোধী। এই কমিশন ইসলামের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, তাই এটি বাতিল করতে হবে।’ তিনি বলেন, তাদের প্রস্তাব অনুযায়ী যৌনকর্মীদের স্বীকৃতি দিলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই কমিশন বাতিল ও দেশের আলেমদের নিয়ে একটি নতুন কমিশন প্রস্তাব করার দাবি জানান মহাসচিব।
ভাপতির বক্তব্যে ঢাকা মহানগর শাখার সভাপতি মাওলানা আজিজুল হক বলেন, ‘নারী সংস্কার কমিশনের প্রতিবেদন প্রত্যাহার এবং নতুন কমিশন গঠন করতে হবে।’
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররমের উত্তর গেট হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল থেকে নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল এবং ভারতে মুসলিম নির্যাতন ও ফিলিস্তিনে গণহত্যা বন্ধে স্লোগান দেওয়া হয়। মিছিলে আরও উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু প্রমুখ।