বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে সুর মেলাচ্ছে বুদ্ধিজীবীরাও বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, 'বিভিন্ন মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিএনপির ভাবমূর্তি বিনষ্ট করছে। অপপ্রচার, নির্বাচন প্রলম্বিতসহ সবকিছুই করা হচ্ছে বিএনপির অগ্রযাত্রা রোধ করতে। কোনও কোনও বুদ্ধিজীবীরাও এই অপপ্রচারে সুর মেলাচ্ছে। বিএনপির অগ্রযাত্রা রোধ করতে তারা দেশের সর্বনাশ ডেকে আনছে।'
শুক্রবার (২ মে) বিকেলে ময়মনসিংহের তারকান্দা উপজেলা সদরের মধুপুর মাদ্রাসা মাঠে সদর ইউনিয়ন বিএনপির কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রিন্স বলেন, 'অপপ্রচার ও ষড়যন্ত্র চালিয়ে আওয়ামী ফ্যাসিবাদ যেমন বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারে নাই, বর্তমানেও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারকারী ও যড়যন্ত্রকারীরা ব্যর্থ হতে বাধ্য। কারণ বিএনপি জনবিচ্ছিন্ন দল নয়, জনসম্পৃক্ত দল। বিএনপির বিরুদ্ধে অপতথ্য দেওয়া হলে জনগণ মেনে নেবে না।'
তিনি বলেন, বিএনপি ও শহিদ জিয়া আওয়ামী লীগ প্রণীত বাহাত্তরের সংবিধান, মুক্তিযুদ্ধ ও জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সংশোধন করেছিল। বিএনপি আবার সেই সংস্কারসহ যুগের চাহিদা অনুযায়ী জনগণের কাছে প্রদত্ত প্রতিশ্রুতি ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংবিধান সংস্কার এবং রাষ্ট্র কাঠামো সংস্কার করতে অঙ্গীকারবদ্ধ।'
প্রিন্স বলেন, জনগণ সেই চিন্তাবিদদের কোনও দল, গ্রুপ বা গোষ্ঠীর অভিভাবক, মুখপাত্র বা পরামর্শদাতা হিসেবে নয়। তাদেরকে শক্তিশালী জাতি-রাষ্ট্র গঠনে সবার কাছে গ্রহণযোগ্য এবং জাতীর অভিভাবক হিসেবে দেখতে চায়।
কোনও কোনও দল হঠাৎ করেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় উল্লেখ করে তিনি বলেন, 'তাদের এই চাওয়ার পেছনেও দুরভিসন্ধি রয়েছে। মঞ্চে তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। মাঠে ময়দানে তারা আবার জাতীয় সংসদে তিনশত আসনে প্রার্থী ঘোষণা দিয়ে নির্বাচনের প্রচারণা চালাচ্ছে। এটা তাদের প্রতারণামূলক রাজনীতি।'
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, জনগণের পালস বুঝে কাজ না করলে জনগণের ও রাজনৈতিক দলগুলোর নিঃশর্ত সমর্থন অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য নাও থাকতে পারে।'
বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, জনগণের সঙ্গে দেখা হলেই তারা প্রথম প্রশ্নটি করেন, নির্বাচন কবে হবে? জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে ধানের শিষে ভোট দেবে। যারা নির্বাচন পেছাতে চায়, তারা জনগণকে ভয় পায়। তারা বিএনপির জয়যাত্রা রোধ করতে চায়। অতীতে স্বৈরাচার এরশাদ ও ফ্যাসিস্ট হাসিনাও বিএনপির জয়যাত্রা রোধ করতে পরে নাই। এখনও কেউ পারবে না।'
অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'জনগণ অতি দ্রুত নির্বাচন চায়।'
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সভাপতিত্বে সমাবেশে ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিকুর রহমান, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, হলুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, তারাকান্দা উপজেলা বিএনপির সদস্যসচিব আবদুস সালাম তালুকদার, যুগ্ম আহ্বায়ক আবদুল মালেক, মোখলেসুর রহমান, আবদুল বাতেন, ফুলপুর উপজেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দিন হেলুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মিন্টু/মেহেদী/