রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নিহতের ঘটনায় উপাচার্যের পদত্যাগের দাবিতে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৪ মে) ‘শাহরিয়ার আলম সাম্যর হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করবে।’
এদিকে, সাম্য নিহত হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঘটনার পরপরই ঢামেক হাসপাতালে ছুটে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপচার্যরাসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন দায়িত্বরতরা। সেখানে তারা শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ঢামেকে আদরের সন্তানের পড়ে থাকা নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন সাম্যের বাবা ফখরুল আলম। এ সময় তিনি আশেপাশের মানুষদের জিজ্ঞাসা করতে থাকেন, কীভাবে মারা গেল তার সন্তান? কেউ কী গুলি করেছে?
নিহত সাম্যের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য কাজ করছে। শাহবাগ থানায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে একটি মামলার প্রক্রিয়া চলছে এবং আইনি ও অপরাপর প্রক্রিয়ায় পরিবারকে পূর্ণ সহযোগিতা করা হবে।
আরিফ জাওয়াদ/অমিয়/