জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন বলেছেন, ‘ফ্যাসিবাদমুক্ত হয়ে রাষ্ট্র যখন ঘুরে দাঁড়াবার সুযোগ পাচ্ছে, ঠিক তখনই বিভিন্ন অপশক্তির বহুমুখী ষড়যন্ত্র ও চক্রান্তে রাষ্ট্র পুনরায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।’
শুক্রবার (১৬ মে) সকালে রংপুরের সুমি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই মানে স্বাধীনতা বিরোধীদের পক্ষে অবস্থান নয়। আমাদের সংগ্রাম চলবে ১৯৭১ এবং ২০২৪-এর পরাজিত প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে।
সভায় তিনি অভিযোগ করে বলেন, ‘একটি বিশেষ মহল জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের প্রসঙ্গ উঠলেই অস্বস্তি বোধ করে। তারা ইতিহাস বিকৃতির মাধ্যমে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করতে চায়। কিন্তু তারা জানে না- ৭১-এর ধারাবাহিকতাতেই ২৪-এর জন্ম হয়েছে। ইতিহাস নিজের গতিতে ফিরে আসে এবং ইতিহাস বিকৃতির পরিণতি অতীতে ফ্যাসিস্টরাই হাড়ে হাড়ে টের পেয়েছে।
শহীদ উদ্দীন মাহমুদ স্বপন আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই ২০২৪-এর গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। সংস্কার কার্যক্রম পরিচালিত হতে হবে মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনার ধারাবাহিকতায়। এ দুটি চেতনাকে মুখোমুখি দাঁড় করানোর কোনো অবকাশ নেই। ৭১ ও ২৪-এর পক্ষের সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার অংশীদারত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করতে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন জেএসডি রংপুর জেলা সভাপতি আমিন উদ্দীন বিএসসি। আরও বক্তব্য রাখেন জেএসডির সহ-সভাপতি অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার ও মোহাম্মদ মনসুর আলী প্রমুখ।