ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, স্বৈরাচারবিরোধী গণআন্দোলনসহ ইতিহাসে দেশের সব সংকটে তরুণ প্রজন্ম জাতিকে পথ দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন যুবদল সভাপতি আব্দুল মোবায়েম মুন্না।
সোমবার (২৬ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির তিন সহযোগী সংগঠনের ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি এই ঐতিহাসিক সত্যকে সম্মান করে এবং বিশ্বাস করে, তরুণ প্রজন্মই এই দেশের ভবিষ্যৎ নীতিনির্ধারক ও গণতান্ত্রিক কাণ্ডারি।’
যুবদল সভাপতি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়েই তরুণরা ছিলেন অগ্রসারির শক্তি। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, স্বৈরাচারবিরোধী গণআন্দোলন কিংবা ভোটের অধিকার প্রতিষ্ঠা প্রতিটি লড়াইয়ের কেন্দ্রে ছিলেন তারুণ্যের সাহস, আত্মত্যাগ ও নেতৃত্ব। সেই গৌরবোজ্জ্বল ধারাবাহিকতায়, রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানেও তরুণরাই ছিলেন অগ্রণী ভূমিকায়। ইতিহাস আমাদের দেখিয়েছে, যখনই দেশ সংকটে পড়েছে, তরুণরাই এগিয়ে এসে জাতিকে পথ দেখিয়েছে।’
সংবাদ সম্মেলনে সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব হাসান বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে এককোটি তরুণের কর্মসংস্থান করবে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ মে ঢাকা বিভাগীয় তারুণ্যর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশটি অনুষ্ঠিত হবে নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে। এর আগের দিন ২৭ মে অনুষ্ঠিত তারুণ্যর ভাবনা জানতে হবে সেমিনার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক আহসান রাজিব, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির প্রমুখ।
শফিকুল ইসলাম/সুমন/