স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানী এভারকেয়ার হাসপাতালে প্রায় চার ঘণ্টা ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যুক্তরাজ্য থেকে চিকিৎসা নিয়ে আসার পর এই প্রথমবারের মতো তিনি ঢাকার হাসপাতালে যান।
বুধবার (১৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১১টা ১৭ মিনিট পর্যন্ত তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে রাত ১২টা ৮ মিনিটে বাসায় ফেরেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে রুটিন কিছু পরীক্ষার জন্য তিনি হাসপাতালে যান। চিকিৎসকের পরামর্শে তার বেশ কিছু পরীক্ষা করা হয়। হাসপাতালে থেকেই তার চিকিৎসা শুরু হয়েছে। বাসায় থেকেই এখন চিকিৎসা চলবে। বোর্ড আশা করেছে, বাসায় চিকিৎসাসেবায় তার শারীরিক অবস্থার আরও উন্নতি হবে। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া।
এর আগে বিকেল সাড়ে ৫টার পর থেকেই গুলশানের বাসভবন ফিরোজার সামনে নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বাসা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। এ সময় গাড়ির চারপাশে অবস্থান নিয়ে দলীয় নেতা-কর্মীদের নানা স্লোগান দিতে দেখা যায়। হাসপাতাল এলাকায় বিপুলসংখ্যক নেতা-কর্মী জমায়েত হন। খালেদা জিয়ার গাড়িবহরে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ কয়েক হাজার নেতা-কর্মী। স্বাস্থ্য পরীক্ষা শেষে রাত ১২টা ৮ মিনিট তিনি বাসায় পৌঁছান।
এদিকে ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পথে খালেদা জিয়ার গাড়িবহরে থাকা যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না পড়ে গিয়ে আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
যুক্তরাজ্যের লন্ডনে উন্নত চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া। সেখানে চার মাস অবস্থানকালে ‘লন্ডন ক্লিনিকে’ বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা হয়। ঢাকায় আসার পর নিজ বাসাতেই এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ড তাকে চিকিৎসাসেবা দিচ্ছে।
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তার ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন। লন্ডনে যাওয়ার আগে সর্বশেষ গত ১২ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। তবে লন্ডন ক্লিনিকে ঝুঁকির কথা চিন্তা করে তার লিভার প্রতিস্থাপন করেননি চিকিৎসকরা।