চাঁদাবাজিতে বাধা দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) রাতে এনসিপির দপ্তর সমন্বয়কারী এম এম শোয়াইব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাজধানীর উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- মোস্তাকিম, কবীর সুজন, জাবেদ, শাওন, সানী-সহ আরও কয়েকজন। হামলার সময় আহতদের কাছে থাকা মোবাইল, মানিব্যাগ ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে এম এম শোয়াইব জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের যোগসাজোশে স্থানীয় একটি চক্র মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে চাঁদা তুলে আসছিলেন। বৈধ দোকানদারদের দোকান ফিরিয়ে দেওয়া এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানাতে এনসিপির মোহাম্মদপুর থানার প্রতিনিধি মোহাম্মদ মোস্তাকিম, অ্যাডভোকেট লুৎফুল কবির সুজন, জাবেদ, শাওনসহ একটি প্রতিনিধিদল উত্তর সিটি করপোরেশনের অঞ্চল- ৫ কার্যালয়ে যান। সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা আওয়ামী লীগের অবৈধ মেয়র আতিকের ঘনিষ্ঠ কুখ্যাত চাঁদাবাজ মাহবুব আলমের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। একটি রুমে আটকে রেখে তাদের হত্যা চেষ্টা করে। পরে আহতদের উদ্ধার করে শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাহবুব আওয়ামী লীগের আমল থেকেই সিটি করপোরেশনে আতিকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সিটি করপোরেশনের বিভিন্ন তদবির ও টেন্ডার বাণিজ্যে তাকে সবসময় দেখা যায়। মোহাম্মদপুর অঞ্চলের ময়লার চাঁদা, ফুটপাতসহ চাঁদাবাজির এক স্বর্গ রাজ্য গড়ে তুলেছে মাহবুব। পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই মাহবুব স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও একটি নির্দিষ্ট রাজনৈতিক ছত্রছায়ায় তারা এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
অবিলম্বে এই সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এনসিপি। তা না হলে মোহাম্মদপুরবাসীদের নিয়ে চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেওয়া হয়েছে।
আরিফ সাওন/