ঐক্যবদ্ধভাবে একটি ভোটের বাক্স দিতে পারলে ইসলামী দলগুলোই দেশের সবচেয়ে বড় শক্তি হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই।
তিনি বলেন, ‘আগামী নির্বাচন হবে ইসলামী শক্তির অগ্নিপরীক্ষা। ইসলামী দলসমুহ ঐক্যবদ্ধভাবে একটি ভোটের বক্স দিতে পারলে ইসলামী দলগুলোই হবে দেশের সবচেয়ে বড় শক্তি।’
রবিবার (১৩ জুলাই) সন্ধ্যায় বাঁশখালীর চাম্বল বাজারের আয়ান পার্ক কমিউনিটি সেন্টারে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে ওলামা মাশায়েখ ও সুধী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চাম্বল বড় মাদরাসার পরিচালক পীরে কামেল আল্লামা শাহ আবদুল জলিল সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ওলামা মাশায়েখ সমাবেশে পীর সাহেব চরমোনাই আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন হয়েছিল এক ফ্যাসিস্টের পতন ঘটিয়ে আরেক ফ্যাসিস্টকে ক্ষমতায় দেখতে নয়। এক চাঁদাবাজ বিদায় করে আরেক চাঁদাবাজকে ক্ষমতায় আনতে বৈষম্যবিরোধী আন্দোলন করা হয়নি।
তিনি ঢাকায় মিডফোর্ড হাসপাতাল এলাকায় পৈশাচিকভাবে ব্যবসায়ী সোহাগ হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এমন বর্বরতা আইয়্যামে জাহিলিয়াতকে হার মানিয়েছে। আগামী নির্বাচনে তিনি হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বাঁশখালীর সভাপতি মাওলানা ফুজাইল বিন আবদুল জলিল ও মাওলানা মাহমুদুল ইসলামের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা ওবায়দুল্লাহ হামজা, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতী রেজাউল করীম আবরার, জামিয়া বাইতুল করিমের মোহতামিম হাফেজ ফরিদ আহমদ আনসারী, বাংলাদেশ নেজামে ইসলাম পাটির মহাসচিব মাওলানা মুছা বিন ইজাহার, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম, আলহাজ আল ইকবাল, মুজাহিদ ছগির আহমদ চৌধুরী, হেফাজতে ইসলামের বাঁশখালী উপজেলা সভাপতি মাওলানা নুরুল হক সুজিশ, উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল, সেক্রেটারি সাবেক চেয়ারম্যান মাওলানা আরিফ উল্লাহ, পুকুরিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ নুর আহমদ, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা এজাজ চৌধুরী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আতাউল্লাহ ইসলামাবাদী, মাওলানা ইউনুস, মাওলানা আবদুশ শাকুর প্রমুখ।
শফকত/রিফাত/