ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬

সর্বশেষ
শেষ মুহূর্তের রোমাঞ্চে আইভরি কোস্টকে হারাল জার্মানি বিশ্বকাপ জয়ে যে দলকে এগিয়ে রাখলেন ইব্রাহিমোভিচ দুই গোল বাতিল, প্রথমার্ধে পিছিয়ে জার্মানি আইভরি কোস্টের মুখোমুখি জার্মানি, দেখুন একাদশ জোড়া রেকর্ডের সামনে মেসি সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিল নেদারল্যান্ডস দ্বিতীয় ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে ধাক্কা বিশ্ব বাবা দিবস আজ ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, পরে পুলিশে হস্তান্তর ব্রায়ান ব্রোবির জোড়া গোলে প্রথমার্ধে এগিয়ে নেদারল্যান্ডস অস্ট্রিয়ার বিপক্ষে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ এক দিনে দ্রুততম দুই গোল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানকে ২৩ রানে হারাল বাংলাদেশ উল্লাসের পরদিন ৪০ টন স্মৃতি ছুটিতে গ্রামে গিয়ে ডাকাত হামলায় আহত এসিল্যান্ডসহ ৬ জন মেসির ফাউল: ফিফায় আলজেরিয়ার নালিশ ঈশ্বরগঞ্জে আ.লীগের সাবেক এমপির ফ্যাক্টরিতে লুটপাট ১১ মামলার আসামি বহিষ্কৃত ছাত্রদল নেতা বুলবুল আটক বম সম্প্রদায়ের এক অসুস্থ নারীকে হেলিকপ্টারযোগে উদ্ধার করল সেনাবাহিনী উত্তরায় ভূমি গ্যালারিতে চিত্রপ্রদর্শনী দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত রোনালদো-মেসিদের মতো খেলো, অলিম্পিকে ভালো ফল চাই: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করতে গোপনে মরিয়া ছিলেন ট্রাম্প প্রয়োজন হলে প্রধানমন্ত্রী ভারত সফরেও যাবেন: পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যকে নেতৃত্বের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর অসাধারণ কৃতিত্ব: ৮ মাসে কোরআন হিফজ, সংবর্ধিত আল-আমীন ব্রাজিল ম্যাচ জেতায় মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনার সমর্থক ফরিদপুরে ‘গে গ্রুপ’ ইস্যুতে ৩ জন আটক জামায়াত গণতন্ত্র বিশ্বাস করে না: মির্জা ফখরুল ব্যস্ত জীবন, ভার্চুয়াল বিনোদন: আমরা এখন কোন পথে? লেবাননে হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা তেহরানের

সাতকানিয়ায় এনসিপির গাড়িবহর উদ্দেশ্য করে বিএনপির ‘ভুয়া ভুয়া’ স্লোগান

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৯:৪৮ পিএম
সাতকানিয়ায় এনসিপির গাড়িবহর উদ্দেশ্য করে বিএনপির ‘ভুয়া ভুয়া’ স্লোগান
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়েছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ ছাড়াও সেখানে অনেককে জুতা হাতে মিছিল করতে দেখা গেছে।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এনসিপির গাড়িবহর কেরানিহাট স্টেশন অতিক্রম করে কেরানিহাট-বান্দরবান মহাসড়কে ঢোকার সময় তারা এ স্লোগান দেন।

জানা গেছে, কক্সবাজারের কর্মসূচি শেষ করে বান্দরবান যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট স্টেশনে নেমে একটি পথসভায় যোগ দেওয়ার কথা ছিল এনসিপির নেতা-কর্মীদের। কিন্তু কক্সবাজার জেলার সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে মন্তব্য করায় ক্ষোভ প্রকাশ করে চকরিয়ায় মিছিল ও এনসিপির সমাবেশের মঞ্চ ভাঙচুর করেন বিএনপির নেতা-কর্মীরা।

এদিকে সন্ধ্যার দিকে কেরানিহাট স্টেশনে অবস্থান নেয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এনসিপির গাড়িবহর বান্দরবান মহাসড়কে ঢোকার সময় তারা ভুয়া ভুয়া স্লোগান দেন। এ ছাড়াও সেখানে বেশ কয়েকজনকে জুতা হাতে মিছিল করতে দেখা যায়।

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আলমগীর সাকিব বলেন, 'কেরানিহাট স্টেশনে এনসিপির নেতা-কর্মীরা একটি পথসভা করার কথা ছিল। কিন্তু কক্সবাজারে তারা বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় আমরা তাদের প্রতিহত করতে কেরানিহাটে অবস্থান নিয়েছিলাম। তাই তারা পথসভা না করে পুলিশি পাহারায় বান্দরবানে চলে গেছে। আমাদের নেতা-কর্মীরা জুতা হাতে মিছিল করে এনসিপিকে সাতকানিয়ায় অবাঞ্ছিত ঘোষণা করেছে।' 

সাতকানিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. তহীদুল ইসলাম মাছুম বলেন, 'সাতকানিয়াতে এনসিপির পূর্ব ঘোষিত কোন প্রোগ্রাম ছিল না। সময় সুযোগ হলে এনসিপির নেতা-কর্মীদের কেরানিহাটে নামার কথা ছিল। কিন্তু চকরিয়াতে বিশৃঙ্খলা হওয়ায় তাদের দেরি হয়ে গেছে। আমরা নেতা-কর্মীদের রিসিভ করে বান্দরবানে নিয়ে এসেছি। সাতকানিয়া ও লোহাগাড়ায় কোনো সমস্যা হয়নি।'

অপরদিকে রাত ৮ টার দিকে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া খাঁনহাট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতা-কর্মীরা।

মেহেদী/

ঈশ্বরগঞ্জে আ.লীগের সাবেক এমপির ফ্যাক্টরিতে লুটপাট

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১০:৪৬ পিএম
ঈশ্বরগঞ্জে আ.লীগের সাবেক এমপির ফ্যাক্টরিতে লুটপাট
স্পার্ক ভিশন লিমিটেড ফ্যাক্টরি। ছবি: খবরের কাগজ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক মাহমুদ হাসান সুমনের মালিকানাধীন ফ্যাক্টরির গোডাউনে লুটপাটের ঘটনা ঘটেছে।

জানা যায়, মাহমুদ হাসান সুমনের মালিকানাধীন স্পার্ক ভিশন লিমিটেড ফ্যাক্টরির গোডাউনে এ লুটপাটের ঘটনা ঘটে।

শুক্রবার (১৯ জুন) রাত ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের দত্তপাড়া রহমতগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

স্পার্ক ভিশনের নিরাপত্তা কর্মী সুরুজ আলী জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি তার ছেলে ইমনকে পাহারার জন্য পাঠান। এ সময় তার সঙ্গে মালেক নামে আরেক নিরাপত্তা কর্মীও ছিলেন। লুটপাটের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা জানতে পারেন, দুর্বৃত্তরা তাদের বেঁধে ২টি পিকআপে রিফ্লেক্টিভ স্টিকারসহ মালামাল নিয়ে যায়।

সুরুজ আলীর ছেলে ইমন জানান, মুখোশধারী প্রায় ৬০-৭০ জনের একটি সংঘবদ্ধ দল ফ্যাক্টরিতে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত-পা বেঁধে ফেলে। এরপর গোডাউনের তালা ভেঙে লোহার বিভিন্ন মালামাল লুট করে ২টি পিকআপে ভর্তি করে নিয়ে যায়। কিছুক্ষণ পর বাজার কমিটির লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন।

পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক হায়দার আলীর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘খবর পেয়ে সভাপতি-সহ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে দুর্বৃত্তদের কাউকে দেখতে পাননি।’

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ‘খবর পেয়ে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। লুটপাটের ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। ফ্যাক্টরি ইনচার্জ তারেক মাহমুদ ওরফে বাবুকে আটক করা হয়েছে। পরে আটককে বিশেষ ক্ষমতা আইনের ৮(১)(ক)/২৫ ধারায় করা মামলায় আদালতে পাঠানো হয়।

ফয়সল আহমেদ/রিফাত/

১১ মামলার আসামি বহিষ্কৃত ছাত্রদল নেতা বুলবুল আটক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১০:৩৯ পিএম
১১ মামলার আসামি বহিষ্কৃত ছাত্রদল নেতা বুলবুল আটক
মোমছেদুল খান বুলবুল। ছবি: খবরের কাগজ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্য সচিব মোমছেদুল খান বুলবুলকে (৩৫) ডাকাতি, অপহরণ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লুটের মামলায় গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (১৯ জুন) তাকে র‍্যাব-১৩ গ্রেফতার করে কালীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

শনিবার (২০ জুন) সকালে গ্রেপ্তার বুলবুলকে আদালতে সোপর্দ করে পুলিশ। বুলবুল কালীগঞ্জ উপজেলার উত্তর মুশরাত মদাতী এলাকার মোঃ রকিবুল খানের ছেলে।

কালীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মামলার সুষ্ঠু তদন্ত, মূল রহস্য উদ্ঘাটন এবং লুণ্ঠিত অর্থ উদ্ধারের স্বার্থে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে পুলিশ রিমান্ডের আবেদন করেছে।

আদালতের নথিপত্র ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি রাতে এক অপহরণ ও ডাকাতির ঘটনা ঘটে। মামলার বাদী মোঃ রবিউল ইসলাম (৩০) এবং ঘটনার প্রধান সাক্ষী মিস্টার আলী ওইদিন রাত আনুমানিক সাড়ে আটটার দিকে চাপারহাট বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে চাপারহাট-ভূুল্যারহাটগামী পাকা রাস্তার গুরুদয়াল চৌপথি মোড়ে পৌঁছামাত্রই বুলবুল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের পথরোধ করে জোরপূর্বক অপহরণের পর বুলবুলের মালিকানাধীন একটি মুরগির খামারে নিয়ে যাওয়া হয়। সেখানে ভোররাত পর্যন্ত আটকে রেখে বাদী ও সাক্ষীর ওপর অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় বলে উল্লেখ করা হয় মামলায়।

একপর্যায়ে আসামিরা বাদীর সঙ্গে থাকা নগদ ৩ লক্ষ ৪  হাজার টাকা এবং ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। এছাড়া প্রাণনাশের হুমকি দিয়ে তাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট (বিকাশ ও নগদ) থেকে জোরপূর্বক ধাপে ধাপে সর্বমোট ৮ লক্ষ ২৪ হাজার ১০৭ টাকা স্থানান্তর করে নেয়। পরদিন ভোর সাড়ে পাঁচটার দিকে ঘটনাটি কাউকে না জানানোর শর্তে এবং জানালে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় বলে মামলায় দাবি করেন বাদী।

পরবর্তীতে এই ঘটনায় গত ৩ এপ্রিল বুলবুলকে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ করে আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই প্রধান অভিযুক্ত বুলবুল পলাতক ছিলেন।

জানা যায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে ইতিপূর্বেই তাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) পর্যালোচনা করে দেখা গেছে, বুলবুলের বিরুদ্ধে লালমনিরহাটের কালীগঞ্জ, হাতীবান্ধা এবং সদর থানায় ডাকাতি, অবৈধ অস্ত্র, চাঁদাবাজি, গুরুতর আঘাত ও মারামারিসহ অন্তত ১১টি মামলা রয়েছে, এরমধ্যে বেশ কয়েকটি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক বলেন, মোমছেদুল খান বুলবুলকে র‍্যাব-১৩ গ্রেপ্তার করে আমাদের নিকট হস্তান্তর করে। শনিবার সকালে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএন/

হরিণাকুণ্ডুতে আ.লীগ–বিএনপি সমর্থকদের সংঘর্ষ, আহত ১৬

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৭:০৪ পিএম
হরিণাকুণ্ডুতে আ.লীগ–বিএনপি সমর্থকদের সংঘর্ষ, আহত ১৬
ছবি: খবরের কাগজ

ঝিনাইদহ হরিণাকুন্ডু উপজেলার ফলসি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে  আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধ নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। আহতরা হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শনিবার (২০ জুন) সকালে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী জানায়, শুক্রবার পুকুরের মাছ ধরা নিয়ে সন্দেহের জেরে স্থানীয় আওয়ামী লীগ নেতা রকিবুল ইসলামকে মারধরের ঘটনা ঘটে। মারধরের শিকার রকিবুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান বজলুর রহমানের ছোট ভাই।

ওই ঘটনার জেরে শনিবার সকালে বোয়ালিয়া গ্রামে বজলুর রহমান চেয়ারম্যান গ্রুপের লোকজনের সাথে বিএনপি সমর্থিত মশিয়ার রহমান (সাবেক ইউপি সদস্য) সমর্থকদের বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা হলেন, মতিয়ার রহমান (৫০), ছানোয়ার হোসেন ছনো (৫৫), মিজান আলী (৪৫), বিভান আলী (২২), ঝন্টু মিয়া (৪৫), আক্তার মোল্লা (৩২), রাশিদুল ইসলাম (৩৫), বরকত মোল্লা (৪০), ফেন্টু মিয়া (৫০), মশিয়ার মেম্বার (৪২), গোলাপফার (৪৯), তোজিবার মোল্লা (৬৫), কবির মন্ডল (৩০), কাবিল (৪০), তোতা মিয়া (৩৪), নুর আলী (৫৪), বাচ্চু মিয়া (৩২) ও রুবেল মন্ডল (৩২)।

গুরুতর আহত পাঁচজনকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও তিনজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সাবেক ইউপি সদস্য মশিয়ার রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের সমর্থকদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানের লোকজন। আমাদের ৬/৭ জন আহত হয়েছেন।

এ ঘটনায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বজলুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি।

হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায় বলেন, এ ঘটনায় এখনও কোনো পক্ষ থেকে অভিযোগ পাইনি। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানতে পেরেছি। বোয়ালিয়া গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

মাহফুজুর রহমান/এসএন

ইবি ছাত্রদলে পদ পাচ্ছে ছাত্রলীগ কর্মীরা!

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৫:৪৭ পিএম
ইবি ছাত্রদলে পদ পাচ্ছে ছাত্রলীগ কর্মীরা!
ছবি: সংগৃহীত

যেকোনো সময় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা হতে পারে। এ নিয়ে সংগঠনটির নেতা-কর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা। পদ পেতে কেন্দ্রে সিভিও জমা দিয়েছেন তারা। তবে নতুন কমিটি গঠন হওয়ার আগেই বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ইবি ছাত্রদলের নতুন কমিটিতে পদ পেতে যাচ্ছে ছাত্রলীগ কর্মীরা। ফলে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে ত্যাগী ও সক্রিয় নেতা-কর্মীদের। এতে ক্ষোভে ফেটে পড়ছে পদপ্রত্যাশি নেতা-কর্মীরা।

জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক কয়েকজন কর্মী পদ পেতে ছাত্রদলের কয়েকজন নেতার মাধ্যমে লবিং করছেন। এমনকি তারা কেন্দ্রে সিভিও জমা দিয়েছেন বলে জানা গেছে। পদে আসার গুঞ্জনে থাকা ছাত্রলীগ কর্মীরা হলেন- আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এনামুল হক ইমন ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফজলে রাব্বী আহমেদ ইসমাইল, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মুফতাইন আহমেদ সাবিক, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ফারুক আহমেদ ফারহান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ওয়াশিকুর রহমান, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সাদ উসমান, ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের হুজ্জাতুল্লাহ। 

ক্যাম্পাস সূত্রে, গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রলীগ কর্মীরা কর্মী সংকটে ভোগা ছাত্রদলে সুযোগ বুঝে ঢুকে পড়ে। ৫ আগস্টের আগে শাখা ছাত্রলীগের বিভিন্ন মিছিল-মিটিংয়ে নিয়মিত অংশ নিতে দেখা গেছে এসব কর্মীদের। এ নিয়ে গণমাধ্যমে বারবার নিউজ প্রকাশ হলেও ওসব ছাত্রলীগ কর্মীদের আশ্রয় দিয়েছেন সাহেদ-মিথুনের নেতৃত্বাধীন ইবি ছাত্রদল। এদিকে তারা ছাত্রদলের নতুন কমিটিতে পদ পেতে মরিয়া হয়ে উঠেছেন। অভিযোগ রয়েছে, ছাত্রলীগের এসব কর্মীদের প্রশ্রয় দিয়েছেন আহ্বায়ক সাহেদ আহমেদ, সদস্যসচিব মাসুদ রুমী মিথুন, সদস্য নূর উদ্দিন ও রাফিজ আহমেদ। এছাড়া অভিযোগ রয়েছে, ছাত্রদলের সক্রিয় ও ত্যাগী নেতা-কর্মীদের বিভিন্ন সময়ে সাংগঠনিক কার্যক্রমে সাইড করে রাখারও চেষ্টা চালিয়েছে তারা। 

এ বিষয়ে ছাত্রদল কর্মী পুলক আহমেদ বলেন, ‘৫ আগস্টের পরে বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মীকে ছাত্রদলে পুনবার্সন করা হয়েছে। আহ্বায়ক, সদস্যসচিব ও আহ্বায়ক কমিটির ২-১ জন সদস্য এসব কর্মীদেরকে নিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয় এবং তাদেরকে সামনের সারিতে রাখে। অথচ একনিষ্ঠ জাতীয়তাবাদী আদর্শ বহনকারী সক্রিয় ও ত্যাগী ছাত্রদলের কর্মীদেরকে সাইড করে রাখা হয়েছে, সামনের সারিতে জায়গা দেওয়া হয়নি। আমি চাই কোনো ফ্যাসিস্টের দোসর যাতে ছাত্রদলের কমিটিতে জায়গা না পায়।’

এ বিষয়ে ছাত্রদলের কর্মী অঙ্কন বলেন, ‘আমি জানতে পেরেছি ছাত্রলীগের কিছু ফ্যাসিস্ট ছাত্রদলে পদ পাওয়ার জন্য সিভি জমা দিয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের প্রতি আমার বিশ্বাস ছাত্রলীগ মুক্ত এবং ত্যাগি ও বঞ্চিতদের দিয়ে সুন্দর একটি কমিটি আমাদের উপহার দিবে। একই সঙ্গে যারা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত, দলীয় শৃঙ্খলা ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে তাদেরকেও কোনোভাবেই কমিটিতে স্থান দেওয়া উচিত নয়।’

এ বিষয়ে ছাত্রদলের সদস্যসচিব মাসুদ রুমী মিথুন বলেন, ‘ছাত্রদলে ছাত্রলীগের কারও জায়গা নেই। তবে যারা জুলাই আন্দোলনের সময় ছাত্রলীগের বিরোধিতা করেছেন এবং আন্দোলনের সামনের সারিতে ছিলেন, তাদের তো বাদ দেওয়া যায় না। আমার প্রশ্রয়ে ছাত্রলীগের কেউ ছাত্রদলে আসেনি।’

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি জহির রায়হান গণমাধ্যমকে বলেন, ‘সত্যিকারে কেউ যদি ছাত্রলীগ-সংশ্লিষ্ট থাকে তারা কেউ ছাত্রদলের কমিটিতে আসতে পারবে না। তবে অনেকেই প্রথম বর্ষে থাকতে বাধ্য হয়ে মিছিল-মিটিংয়ে গিয়েছে।’ 

নিয়ামতুল্লাহ মুনিম/রিফাত/

সিটি কলেজ ক্যাম্পাস, ষোলশহরে ছাত্রলীগের ঝটিকা মিছিল

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৫:২১ পিএম
সিটি কলেজ ক্যাম্পাস, ষোলশহরে ছাত্রলীগের ঝটিকা মিছিল
ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। অপরদিকে নগরীর ষোলশহর ২ নম্বর গেইট এলাকায় উত্তর জেলা ছাত্রলীগও মিছিল করেছে।

শনিবার (২০ জুন) দুপুরে পৃথকভাবে এই মিছিল দুটি বের করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হঠাৎ করেই কলেজের ভেতরে ১০-১৫ জনের একদল যুবক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষে স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের মূল ভবনসংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে দ্রুত স্থান ত্যাগ করে। হঠাৎ সংঘটিত এই ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিছুটা আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে তাদের পৌঁছানোর আগেই মিছিলকারীরা ক্যাম্পাস ত্যাগ করে পালিয়ে যায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্তমানে কলেজ ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের এমন আকস্মিক তৎপরতায় সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

২ নম্বর গেইটে উত্তর জেলা ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতৃত্বে তপু

এদিকে নগরের ২ নম্বর গেইট এলাকায় শনিবার দুপুরে ছাত্রলীগের ব্যানারে আরেকটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটির নেতৃত্বে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসাইন তপু।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুপুরে হঠাৎ করেই একদল নেতা-কর্মী মিছিল নিয়ে সড়কে বের হন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং কয়েক মিনিট অবস্থান করার পর দ্রুত এলাকা ত্যাগ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও মিছিল সংক্রান্ত ভিডিও ছড়িয়ে পড়েছে।

সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের একাধিক ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। এর আগে জিইসি মোড় ও ২ নম্বর গেইটসহ নগরের বিভিন্ন স্থানে অনুরূপ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

এ ব্যাপারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার ও মুখপাত্র আমিনুর রশিদ খবরের কাগজকে বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি মিছিলের ভিডিও ফেসবুকের মাধ্যমে পাওয়া গেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে অভিযান চালাবে।’

রিফাত/