ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি সবার পরামর্শ নিয়ে দেশ পরিচালনা করতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় সাবেক হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশ এখন ফ্যাসিবাদমুক্ত। তবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মূল দাবি এখনও অসম্পূর্ণ। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না। তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই। আশা করি, সরকার শিঘ্রই তাদের অবস্থান জানাবে এবং নির্বাচন কমিশনকেও প্রয়োজনীয় পরামর্শ দেবে। কারণ, নির্বাচনের মাধ্যমেই একটি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক সরকার গঠন সম্ভব।
তিনি বলেন, বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দায়িত্ব নিতে হয়েছে বিএনপিকেই। বাকশালের পর বিএনপির হাত ধরেই গণতন্ত্র ফিরে এসেছে। এরশাদের স্বৈরশাসনের অবসানেও অগ্রণী ভূমিকায় ছিল বিএনপি। এবারও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপি নেতৃত্ব দিয়ে যাচ্ছে।
হাটহাজারী মাদ্রাসার নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আপনাদের সবার পরামর্শ ও সহযোগিতা নিয়ে কাজ করতে হবে। আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। যাতে করে আমরা হাজারো শহিদ, লাখো নিপীড়িত ও মজলুম মানুষের আশা পূরণ করতে পারি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের অবদান রয়েছে। আমরা বাংলাদেশের পক্ষের সকল গণতান্ত্রিক ও ফ্যাসিবাদ বিরোধী শক্তির সঙ্গে যোগাযোগ রাখছি, তারা রাজনৈতিক বা অরাজনৈতিক যা-ই হোক না কেন। আমাদের লক্ষ্য হলো বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা। এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যারা ত্যাগ স্বীকার করেছেন, রক্ত দিয়েছেন এবং আন্দোলন করেছেন, তাদের সকলের সঙ্গে ঐক্য রক্ষা করা প্রয়োজন।
এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উল্লাহ বাহারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।