বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, ‘নির্বাচনের তারিখ ঘোষণার পরও যারা নির্বাচন পেছানোর চক্রান্ত করছেন, তারা প্রকৃতপক্ষে গণতন্ত্রে বিশ্বাস করেন না। শনিবার(৯ আগস্ট) দুপুর ১২টায় রাজশাহী মহানগর বিএনপির মালোপাড়া কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে রবিবার অনুষ্ঠেয় রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করা হয়।
আব্দুস সালাম জানান, রবিবার দুপুর আড়াইটায় মহানগরীর পাঠানপাড়া এলাকায় হজরত শাহ মখদুম (রহ.) ঈদগাহ মাঠসংলগ্ন সড়কে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত খালেক এবং বন ও পরিবেশবিষয়ক সহসম্পাদক মো. মোসাদ্দেক হোসেন বুলবুল। সঞ্চালনায় থাকবেন মহানগর বিএনপির সদস্যসচিব মামুন অর রশিদ মামুন।
আব্দুস সালাম আরও বলেন, ‘গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের দুঃশাসন, নিপীড়ন, জুলুম ও নির্যাতনের মধ্যেও বিএনপি গণতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা সব সময় জনগণের ভোটে নির্বাচিত সরকার দেখতে চাই। ৫ আগস্টের পর বিএনপিকে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হলেও, জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় যাওয়ার প্রস্তাব বিএনপি প্রত্যাখ্যান করেছে।
তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে বিএনপিকে বিতর্কিত করার নানা অপচেষ্টা চালানো হয়েছে। তবে বিএনপি তার গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অলিউল হক রানা, মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনসহ দলের নেতারা।