শুধু গত ১৫ বছর নয়, ১০ বছর স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনও করেছিল বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালামের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৫ বছরের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিস্ট শাসন থেকে আমরা মুক্ত হয়েছি ছাত্র-জনতার আন্দোলনে। গত ১৫ বছরের বিএনপিসহ গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এআন্দোলনটি চূড়ান্ত রূপ ধারণ করেছিল। ৮০ দশকেও কিন্তু সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে ১০ বছর সংগ্রাম করেছে বিএনপি। সেই সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন দেশনেত্রী খালেদা জিয়া। দীর্ঘ সংগ্রাম শেষে ৯০ এর শেষ দিকে সামরিক শাসক এরশাদ পদত্যাগ করতে বাধ্য হয়।
অনুষ্ঠানে সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালামের স্মৃতিচারণা করে তিনি বলেন, 'গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বেগম খালেদা জিয়ার পাশে থেকে জীবন বাজি রেখে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন আবদুস সালাম তালুকদার। তার অবদান বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। নব্বইয়ের দশকে সামরিক শাসক এরশাদকে পদত্যাগে বাধ্য করার সময় সালাম তালুকদার ছিলেন খালেদা জিয়ার অন্যতম ভরসা। তার অবদান আজ নতুন করে স্মরণ করার সময় এসেছে।’
স্মৃতিচারণ আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক নিলোফার চৌধুরী, বিএনপির উপদেষ্টা আব্দুল হালিম ও আব্দুস সালাম তালুকদারের পরিবারের সদস্যরা।
মেহেদী/