দিনাজপুরের ফুলবাড়ীতে কয়লা খনি আন্দোলনের ১৯তম বর্ষপূর্তিতে নিহত শ্রমিক-জনতাকে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, গণতন্ত্র মঞ্চ ছাড়াও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা।
রাজনৈতিক দলগুলোর মধ্যে সিপিবি, বাসদ, বাসদ (মার্কসবাদী), বাসদ (মাহবুব), বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, বিপ্লবী কমিউনিস্ট লীগের শীর্ষ নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।
শিক্ষার্থীদের সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়নের একাংশ, গণতান্ত্রিক ছাত্র জোটের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিরোধ পর্ষদের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমিও শ্রদ্ধা নিবেদন করেন।
সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সমাবেশে বলেন, ফুলবাড়ী আন্দোলনের ১৯ বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো সরকার শ্রমিক, জনতার বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহার হয়নি। সেই আন্দোলনের পর ৬ দফা দাবিতে তৎকালীন বিএনপি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়িত হয়নি। সে সময় প্রধান বিরোধী দল আওয়ামী লীগ তখন সেই ছয় দফা নিয়ে অনেক কথাবার্তা বলেছিল। তবে দীর্ঘদিন ক্ষমতায় থেকেও তারা সেই ছয় দফার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করেনি।
প্রিন্স অভিযোগ এনে বলেন, এশিয়া এনার্জি তাদের নাম বদলে (এখন জিএসএম) উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের চেষ্টা চালিয়ে যাচ্ছে দিনাজপুরের বড়পুকুরিয়াতে। সেখানে বিশেষ বিশেষ জায়গায় তারা পাইলট প্রকল্প চালু করেছে।
প্রিন্সের ভাষ্যে, এশিয়া এনার্জির এমন কর্মকাণ্ড জাতীয় সম্পদের ওপর ‘সাম্রাজ্যবাদী শক্তির আধিপত্যবাদী তৎপরতা’।
তিনি বলেন, সাম্রাজ্যবাদী শক্তির আধিপত্যবাদ বিস্তার করতে নতুন নতুন কাণ্ড করে বাংলাদেশকে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলতে চায়। অন্তর্বর্তী সরকার বাণিজ্য চুক্তির নামে অসম সব চুক্তি করছে সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে। তবে সেগুলো গোপন রাখছে।
সমাবেশে বক্তব্য রাখেন ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সমন্বয়ক ও বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী৷
জয়ন্ত/অমিয়/