৫৩ বছর নেতা বদলেছে, কিন্তু নীতি আজও অপরিবর্তিত। এজন্য পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর ঢাকা মহানগর উত্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও চরমোনাই মনোনীত সাতক্ষীরা-৪ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব এস এম মোস্তফা আল-মামুন (হাজী মনির)।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে সাতক্ষীরার কালিগঞ্জ থেকে শুরু হওয়া র্যালি শেষে শ্যামনগরের বংশীপুরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্যামনগরের সভাপতি মাও আবুল হাসানের সভাপতিত্ব ও কালিগঞ্জ শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল হাইয়ের সঞ্চালনায় পথসভায় হাজী মনির বলেন, 'আমাদের আন্দোলনের মূল লক্ষ্য- মানুষ চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত, দালালমুক্ত সমাজে বাঁচুক। চরমোনাই পীর রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে এর সবকিছু গড়ে তোলা সম্ভব। কুরআন-সুন্নাহর ছায়াতলে এ দেশের নারীরা তাদের ন্যায্য অধিকার পাবে, বেকার যুবকরা কর্মসংস্থানের সুযোগ পাবে, ইনসাফভিত্তিক বিচার নিশ্চিত হবে। যারা মব সন্ত্রাসে জড়িত নয়, তারা ইসলামের আদালতে নিরাপদ থাকবে।”
তিনি আরও বলেন, 'বর্তমানে দেশে একটা দল বদলালেও অন্য দল নিরাপদ নয়। নাগরিকরা এখনও তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আমাদের উদ্দেশ্য এই চরম অবস্থা দূর করা এবং ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা। এজন্য পিআর পদ্ধতির বিকল্প নেই। পিআর পদ্ধতি ছাড়া দেশে কোনোপ্রকার সংসদ নির্বাচন হতে দেওয়া হবেনা, একইসঙ্গে স্বৈরাচারের বিচার নির্বাচনের আগে নিষ্পত্তি না করলে নির্বাচন হতে দেওয়া হবে না। '
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সহদপ্তর সম্পাদক মুফতি আরমান হুসাইন, সহপ্রচার সম্পাদক নাজমুল হুসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলার শাখার সহসভাপতি প্রভাষক ডা. ওয়েজ কুরুলী, সেক্রেটারি মাওলানা মুবাশশীরুল ইসলাম তকি, ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা শাখার সভাপতি গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ, সাধারণ-সম্পাদক গাজী আব্দুল মুকিত, সাংগঠনিক সম্পাদক এস,এম আল-আমিনসহ কালিগঞ্জ, শ্যামনগরসহ বিভিন্ন উপজেলার নেতা-কর্মীরা।
নাজমুল/মেহেদী/