নরসিংদীর ঘোড়াশালে বাংলাদেশ রেলওয়ে এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর জমিতে বছরের পর বছর ধরে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছে এ অঞ্চলের ব্যবসায়ীরা। কিন্তু ব্যবসায়ীদের বারবার উচ্ছেদ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপি’র যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঘোড়াশালে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও সাদ্দাম বাজার পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী ১৮ সেপ্টেম্বর ঘোড়াশালে উচ্ছেদ হওয়ার নোটিশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। কিন্তু ব্যবসায়ীদের স্বার্থে তা বন্ধ করতে রেল মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে আহ্বান জানানো হয়েছে, যেন উচ্ছেদ না করা হয়। তিনিও আশ্বস্ত করেছেন যে ১৮ তারিখে উচ্ছেদ হবে না।
সারোয়ার তুষার আরও বলেন, উচ্ছেদের নামে সাধারণ ব্যবসায়ীদের সর্বনাশ ডেকে আনা হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। ব্যবসায়ীরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হয়, তাই অস্থায়ী নয়, তাদের জন্য স্থায়ী সমাধানের ব্যবস্থা করতে হবে।
সারোয়ার তুষার আরও জানান, ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর অন্যায় চাপিয়ে দিলে তা সামাজিক অস্থিরতা সৃষ্টি করবে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘোড়াশালের ব্যবসায়ীদের পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে, যেন তারা নিশ্চিন্তে জীবিকা নির্বাহ করতে পারেন।
এসএন/