জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ব্যতীত জাতীয় নির্বাচন শহিদের রক্তের সঙ্গে বেইমানি। আগামী জাতীয় নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে। হিন্দুস্তানের সামনে আর মাথা নত করা যাবে না।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৭ দফা দাবিতে বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক সামনে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পল্টন মোড় হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
রাশেদ প্রধান বলেন, ‘লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন আয়োজন করতে হবে। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন করতে হবে। অপরাজনৈতিক দল আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলের বাংলাদেশের মাটিতে রাজনীতি করার আর কোনো অধিকার নাই। আমরা বাংলার মাটিতে আর নতুন কোনো স্বৈরাচার ফ্যাসিজম দেখতে চাই না। জাতীয় পার্টিসহ ১৪ দল নিষিদ্ধ করা এখন জনগণের দাবি।’
তিনি বলেন, ‘নতুন বাংলাদেশে দেশের চেয়েও কম মূল্যে ভারতে ইলিশ যায় কেন? আদানিকে উপহার দেওয়া ৯০০ একর দেশের জমি ফেরত নেওয়া হচ্ছে না কেন? দেশের মাটি থেকে ভারতের ষড়যন্ত্র এবং তৎপরতা থামানো যাচ্ছে না কেন? অন্তর্বর্তী সরকারকে জোরালো ভূমিকা রাখতে হবে। কথা বার্তা পরিষ্কার, ফ্যাসিস্ট খুনী হাসিনাকে দিল্লি থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য জোরালো এবং কার্যকর কূটনৈতিক ভূমিকা রাখতে হবে। শেখ হাসিনা এবং ভারতের মধ্যে সম্পাদিত সব অসম গোপন চুক্তি জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং বাতিল করতে হবে।’
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. সফিকুল ইসলাম, ভিপি মুহাম্মদ মুজিবুর রহমান, প্রকাশনা সম্পাদক জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সদস্যসচিব আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী ও ঢাকা জেলা যুব জাগপা সভাপতি মোহাম্মদ শামীম প্রমুখ।
শফিকুল/রিফাত/