বিএনপির ৩১ দফার মধ্যে ভবিষ্যৎ রাজনীতির গুণগত পরিবর্তনের রোডম্যাপ বলে মন্তব্য করেছেন দলটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
তিনি বলেন, ভবিষ্যৎ রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মপরিকল্পনায় রাজনীতির গুণগত পরিবর্তনের রোডম্যাপ সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রূপনগর ট-ব্লক ইসলামিয়া স্কুল মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি পোস্ট ফুটবল টুর্নামেন্ট–২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, ৩১ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশের সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামোয় একটি স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে, যেখানে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিতে পারবে না।
তিনি বলেন, খেলাধুলা হচ্ছে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের অন্যতম কার্যকর মাধ্যম। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিএনপি খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত, সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ করে তোলা হবে। খেলাধুলার মাধ্যমে সামাজিক পরিবর্তনের পাশাপাশি রাষ্ট্রীয় কাঠামোতেও ইতিবাচক রূপান্তর আসবে।
আগামী ২৭ সেপ্টেম্বর জিয়া উদ্যানের লেকে দেশের বরেণ্য সাঁতারুদের অংশগ্রহণে প্রতিযোগিতা এবং ২৯ সেপ্টেম্বর জিয়া স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হবে বলেও জানান আমিনুল হক।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ প্রমুখ।
শফিকুল/মেহেদী/