যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের পিঠে ডিম নিক্ষেপের ঘটনায় মিজানুর রহমান চৌধুরী নামে একজনকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ।
স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টা ২৮ মিনিটে জ্যাকসন হাইটস থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি আজ মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে পোস্ট দিয়ে জানিয়েছেন।
ডিম নিক্ষেপকারী মিজানুর রহমান চৌধুরী আওয়ামী লীগের কর্মী। তার বাড়ি সিলেটের জকিগঞ্জে। ঘটনার ৫ ঘন্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন। সেখান থেকে তিনি এক পােস্টে লেখেন, ‘আমি কারাগার থেকে বলছি শেখ হাসিনার কর্মী মিজানুর রহমান চৌধুরী। জয় বাংলা।’
এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের হামলার শিকার হন আখতার হোসেন। তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। বিমানবন্দর থেকে হোটেলে ফেরার পর ম্যানহাটনে তার অবস্থান করা হোটেলের নিচেও আওয়ামী লীগ কর্মীরা বিক্ষোভ করেন।
অমিয়/