ফ্যাসিস্টের বিদায় হলেও দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে জানিয়ে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান বলেছেন, বিগত ১৭ বছর দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ছিল হুমকির মুখে। তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক নাগরিকদের নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপজেলার ফেনারবাক, লক্ষীপুর ও নাজিমনগর বাজার, হটামারা, রসুলপুর, বিনাজুড়া, ভাটি দৌলতপুর, খুঁজারগাঁ, মাতারগাঁও, রাজাপুর এবং শান্তিপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও পূজামণ্ডপ পরিদর্শন করেন সুনামগঞ্জ-১ আসনের এই মনোনয়নপ্রত্যাশী।
মাহবুবুর রহমান বলেন, নতুন বাংলাদেশ গড়তে প্রবীণদের পাশাপাশি তরুণদের এগিয়ে আসতে হবে। হাওর জনপদে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, আপনাদের সন্তান হিসেবে হাওরের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই। পাগনার হাওরের জলাবদ্ধতা আমাদের প্রধান সমস্যা। জলাবদ্ধতা নিরসনে অতীতে জনপ্রতিনিধিরা কথা দিলেও তা রাখেনি। আগামীতে জনগণের রায়ে বিএনপির সরকার আসলে পাগনার হাওরের জলাবদ্ধতা নিরসন করা হবে—কথা দিলাম।
পূজামণ্ডপ পরিদর্শনকালে মাহবুব বলেন, এই দেশ আমার-আপনার সবার। দেশের নাগরিক হিসেবে আমার যে অধিকার, আপনাদেরও তাই। আমরা একদিকে রমজান মাসে রেখেছি রোজা, অন্যদিকে আপনারা পালন করেছেন পূজা। এটাই হচ্ছে সম্প্রীতির সবচেয়ে বড় উদাহরণ। আমরা ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করলেও কোনো ভেদাভেদ নেই। আপনারা নিশ্চিন্তে ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালন করতে পারবেন, ইনশাআল্লাহ।
৩১ দফা লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নবী হোসেন, নূরে আলম ফরাজী, ফেনারবাক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আব্দুল মন্নান মোল্লা, যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন, সদস্য আজিজুল রহমান, জাকির হোসেন, ময়না মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহ্বায়ক আবুল লেইছ, শাহ মো. লিয়াকত, সাইদুর রহমান প্রমুখ।
শফিকুল/মেহেদী/