শাপলা প্রতীক ছাড়া নিবন্ধন মানবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘শাপলা প্রতীক ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না। শাপলা প্রতীক পেতে আইনি ও রাজনৈতিক কোনো বাধা দেখছি না। এর পরেও যদি শাপলা প্রতীক না দেওয়া হয়, তাহলে লড়াই চালিয়ে যাব। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন মানবে না।’
এনসিপির এই নেতা বলেন, ‘শাপলা প্রতীক দেওয়ার ক্ষেত্রে আইনি বা রাজনৈতিক বাধা নেই। অদৃশ্য শক্তির হাত রয়েছে। কেন তারা শাপলা দেবে না সে বিষয়ে নির্বাচন কমিশন কোনো আইনি বা রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারেনি। নির্বাচন কমিশনের সামনে পথ দুটি- হয় প্রতীক দিতে হবে নয়তো ধান, সোনালি আঁশ বাদ দিতে হবে। এ নিয়ে নির্বাচন বাধাগ্রস্ত হলে এর দায় কিছুটা নির্বাচন কমিশনেরও থাকবে।’
এ সময় নির্বাচন কমিশনের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘কমিশনের অনেক সিদ্ধান্ত ওনাদের মুখ দিয়ে বের না হলেও আমরা বিভিন্ন পত্রিকার মাধ্যমে সেগুলো জানি। আমরা সে বিষয়গুলো নিয়ে তাদেরকে প্রশ্ন করেছি। 'আমার দেশ' পত্রিকায় একটি রিপোর্ট এসেছে যে, নির্বাচন কমিশনের নথি তাদের হাতে রয়েছে। একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের নথি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নথি একটি পত্রিকার হাতে যেতে পারে না। আমরা সেই প্রশ্নগুলো তাদের কাছে জবাবদিহি চেয়েছি।’
তিনি বলেন, ‘অধিকারের প্রশ্নে আপস হবে না। জল অনেক দূর গড়ানোর আশঙ্কা করছি। শাপলা ছাড়া নিবন্ধনে যাব না, নিবন্ধন ছাড়া কীভাবে একটি দল নির্বাচনে যাবে?’
এদিকে জাতীয় নাগরিক পার্টিকে শাপলা প্রতীক দেওয়া হবে কি না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি সংস্থাটি।
বৈঠক শেষে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘ইসি সিদ্ধান্ত নিয়েছিল ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার নিবন্ধন চলবে। জেন-জি ও তরুণ ভোটারদের কথা ভেবে নির্বাচনের দিন পর্যন্ত ভোটার হওয়ার দাবি জানিয়েছি আমরা।’
অন্যদিকে প্রতীকের বিষয়ে এনসিপি এই মাস পর্যন্ত অপেক্ষা করবে বলে জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
এর আগে বিকেল ৪টার দিকে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন এনসিপির একটি প্রতিনিধি দল। এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ইসি সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।
এলিস/সুমন/