আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী পরিবর্তন করা হয়েছে। দলটির সাবেক আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামের পরিবর্তে উপজেলা জামায়াতে ইসলামীর বর্তমান সেক্রেটারি অধ্যাপক আব্দুল মালেক চৌধুরীকে নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় হাটহাজারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক দায়িত্বশীল সমাবেশে দলের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা শাহজাহান আনুষ্ঠানিকভাবে নতুন প্রার্থীর নাম ঘোষণা করেন।
অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী গত ২৭ বছর ধরে একটি বেসরকারি ডিগ্রি কলেজে ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষকতা করছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক ছাত্রনেতা এবং দীর্ঘদিন ধরে হাটহাজারী অঞ্চলে সাংগঠনিকভাবে সক্রিয় রয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ব্যক্তিগত কারণ ও স্বাস্থ্যগত সীমাবদ্ধতার কারণে নির্বাচনে না দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন। পরবর্তীতে দলের নীতিনির্ধারকরা তরুণ নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার বিবেচনায় অধ্যাপক আব্দুল মালেক চৌধুরীকে নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন দেন।
নতুন প্রার্থী অধ্যাপক আব্দুল মালেক বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আল্লাহর সাহায্যে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করব। জনগণের সেবা ও ইসলামি মূল্যবোধ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব।”
নতুন প্রার্থী ঘোষণার পরপরই স্থানীয় জামায়াত নেতা-কর্মীরা উৎসাহ উদ্দীপনার সঙ্গে মাঠে নেমেছেন। তাদের আশা, অধ্যাপক মালেকের শিক্ষা, সততা ও সাংগঠনিক দক্ষতা হাটহাজারীতে দলের অবস্থান আরও সুদৃঢ় করবে।
সমাবেশ শেষে রাত পৌনে আটটায় ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ও অধ্যাপক আব্দুল মালেক চৌধুরীর নেতৃত্বে এক বিশাল মিছিল হাটহাজারী পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
প্রার্থী পরিবর্তনের এই সিদ্ধান্তে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পরিবর্তন হাটহাজারীর নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করবে।
অমিয়/