অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিদেশীদের এজেন্ডা বাস্তবায়ন করছেন বলে দাবি করেছেন বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া।
শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাসদের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এমন দাবি করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা শরীফ নুরুল আম্বিয়া, দলের সংগঠনিক সম্পাদক শাহজাহান আলী সাজু অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
সভায় শরীফ নুরুল আম্বিয়া বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. ইউনুস প্রথমে ছাত্রদের নিয়োগকর্তা বলে দাবি করলেও এখন স্পষ্ট যে তিনি আসলে বিদেশীদের দ্বারা নিয়োগপ্রাপ্ত এবং বিদেশী স্বার্থ বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। এটি মেনে নেওয়া যায় না। দেশের স্বার্থ আগে রক্ষা করতে হবে। তিনি বেসরকারি ক্ষমতায় থাকলেও জবাবদিহি করতে হবে দেশের নাগরিকদের কাছেই।
তিনি আরও বলেন, দেশের বিষয়ের সিদ্ধান্ত নেবে সংসদ, কোনো ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত নয়। ড. ইউনূসের উচিত দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেওয়া, যাতে জনগণ তাদের প্রকৃত নেতৃত্ব নিজেরাই নির্ধারণ করতে পারে। তিনি জুলাই সনদের বিষয়ে যে ঐকমত্যের কথা বলেছিলেন, এখন তা থেকে সরে এসে গণভোটের নামে জনগণের উপর সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছেন- যা জনগণ মেনে নেবে না।
সভাপতি আরও বলেন, এদেশের মানুষের মুক্তি ও সমাজ পরিবর্তনের সংগ্রামে যারা শহীদ হয়েছেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এখন সময় এসেছে সমাজ বদল ও গণতন্ত্রের লড়াইয়ে একসময় ঐক্যবদ্ধভাবে যারা সংগ্রাম করেছিলেন, তাঁদের আবার একত্রিত হওয়ার। বৃহত্তর ঐক্যই পারে আগামী দিনে দেশকে সঠিক নেতৃত্ব দিতে।
আলোচনায় মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আজ সময় এসেছে, মহান মুক্তিযুদ্ধ ও ’২৪-এর গণঅভ্যুত্থানের যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য ছিল- তার বাস্তবায়নের জন্য সকল প্রগতিশীল, গণতান্ত্রিক শক্তির বৃহত্তর ঐক্য গড়ে তোলার।
অনুষ্ঠানে নেতারা জাসদের ৫৩ বছরের সংগ্রামী ইতিহাস, সমাজতান্ত্রিক রাজনীতির ধারাবাহিকতা ও প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরেন।
সভায় বক্তব্য রাখেন- সিপিবির প্রেসিডিয়াম সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশ জাসদ সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী)-এর সমন্বয়ক মাসুদ রানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি সোহেল আহমেদ, ডাকসুর সাবেক জিএস ডা. মোস্তাক হোসেন, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য করিম সিকদার, মনজুর আহমেদ মঞ্জু, বাদল খান, আনোয়ারুল ইসলাম বাবু, রোকনুজ্জামান রোকন প্রমুখ।
রাজু/এসএন