বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের সিদ্ধান্ত জনগণকেই নিতে দিতে হবে। আগামী জাতীয় নির্বাচনে দেশের মানুষই তাদের মতামত ও রায় দেবে।
শনিবার (১ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে ব্যাবসা-বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী ফোরাম।
আমীর খসরু বলেন, ‘যে দলগুলো তাদের দাবি–দাওয়া পূরণ করতে চায়, তাদের জনগণের কাছে যেতে হবে, জনগণের মতামত নিতে হবে, জনগণের ম্যান্ডেট নিতে হবে। কারও মতামত জনগণের ওপর চাপিয়ে দেওয়া চলবে না।’
তিনি আরও বলেন, ‘যারা ঐক্যমত্যে আছে, তারা তাদের মতামত জনগণের ওপর চাপিয়ে দিতে চায়। তাদের এ দায়িত্ব কেউ দেয়নি। এসব করে তারা নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছে।’
তিনি বলেন, ‘শুধু রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করলেই হবে না, অর্থনীতিকেও গণতন্ত্রায়ণ করা জরুরি। অর্থনীতিকে গণতন্ত্রায়ণের অর্থ হলো, সিদ্ধান্ত নেওয়া ও মালিকানা যেন কেবল মুষ্টিমেয় গোষ্ঠীর হাতে না থেকে জনগণ, শ্রমিক, ভোক্তা, সরবরাহকারী এবং বৃহত্তর সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে সাধারণ মানুষও উন্নয়নের অংশীদার হতে পারবে।
তিনি আরও বলেন, অতীতের অর্থনৈতিক মডেল সাধারণ মানুষের জন্য কাজ করেনি, বরং একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করেছে। বিএনপি ক্ষমতায় গেলে ‘সবার জন্য অর্থনীতি’ বাস্তবায়ন করবে, যাতে উন্নয়নের সুফল সবাই পায়।
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, ‘দেশের ব্যাবসা-বাণিজ্যের অবস্থা খুবই নাজুক। ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলেছেন। ব্যবসায়ীদের ব্যাবসা করে তিনি বলেন, ‘ফেব্রুয়ারি ব্যাবসা পারলে এখনই নির্বাচন দিন, অন্তত আমাদের মুক্তি দিন।’
তিনি বলেন, ‘গণতন্ত্র মানে জনগণের প্রশ্নের সম্মুখীন হওয়া, রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন নয়। অতীতে আওয়ামী লীগ সরকার জনগণের ওপর জুলুম করে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল, কিন্তু জনগণ তার জবাব দিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে মেগা প্রকল্পের নামে জনগণের অর্থ অপচয় করবে না।’
সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইর সাবেক পরিচালক ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মো. লুৎফর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন রাজশাহী চেম্বারের সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ সুমন, নাটোর চেম্বারের সভাপতি আব্দুল মান্নান, নওগাঁ চেম্বারের সাবেক সভাপতি আলহাজ জাহাঙ্গীর হোসেন, জয়পুরহাট চেম্বারের সাবেক সভাপতি আমিনুল বারি, হিলি বন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি ফেরদৌস হক ও সোনামসজিদ স্থলবন্দর গ্রুপের সভাপতি আলহাজ একরামুল হক।
নাঈম