ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত নারী সমাবেশে হামলার বিচার, উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমানসহ ২৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) দুপুরে গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে পৌর শহরের কালীখলায় কৃষ্ণচূড়া চত্বরে এ মানববন্ধন হয়।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য জিয়াউর রহমান জিয়া বলেন, আমরা হিরণ ভাই-সহ বহিষ্কৃত সব নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি করছি। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে করা মামলায় শেখ হাসিনার ফাঁসির দাবি জানাচ্ছি।
উপজেলা বিএনপির সদস্য মঞ্জরুল হক মঞ্জু বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দাবি জানাচ্ছি একটি বিশেষ টিম করে গৌরীপুরের ঘটনা তদন্ত করার। তদন্তে যদি আমাদের অপরাধ থাকে তাহলে দল যে শাস্তি দেবে তা মাথা পেতে নেব। আর না হয় যারা এই ঘটনায় সম্পৃক্ত তাদের শাস্তি দেন।
এ সময় তিনি সবার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিরাজ বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৯ নভেম্বর আমাদের নারী সমাবেশ আয়োজন করা হয়। একইদিনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের পক্ষে আরেক সমাবেশ আয়োজন করা হয় এখান থেকে এক কিলোমিটার দূরে। ওই সমাবেশের শেষ পর্যায়ে নারী সমাবেশে হামলা করে মঞ্চ ভাঙচুর ও নারীদের আহত করা হয়। ঘটনার পর আমাদের নেতা-কর্মীরা যখন আহত মা-বোনদের চিকিৎসাসেবা নিয়ে ব্যস্ত ও গৌরীপুর বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ সংবাদ সম্মেলনের প্রস্ততি নিচ্ছেন ঠিক তখন আমরা হিরণসহ ৫ জনকে বহিষ্কারের খবর পাই, যা অবিচার হয়েছে বলে আমরা মনে করি।’
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান তালুকদার, মাহমুদুল ওয়াহাব মনি, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য মোস্তাফিজুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. শহীদুল্লাহ, সাবেক ইউপি সদস্য দুলাল মিয়া, সহনাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমুখ।