বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কোরআন পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের তাহেরপুর ইসলামিয়া আলিম মাদরাসায় এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ-৩ আসনের সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম।
অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাভাবিকভাবে অসুস্থ হননি; বিগত স্বৈরাচার শেখ হাসিনার সরকার তাকে অসুস্থ করে রেখেছে। এমনকি তাকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যার চেষ্টাও করা হয়েছে। তাকে মিথ্যা মামলায় কারাবন্দি রেখে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তিনি আরও বলেন, মুক্তি পাওয়ার পরও খালেদা জিয়া কারও প্রতি প্রতিশোধ নেননি, কারও বিরুদ্ধে কোনো কথা বলেননি। আমরা আজ তাঁর সুস্থতার জন্য দোয়া করছি। মাদরাসার শিশুদের দোয়া অবশ্যই কাজে আসবে। তোমরা সবাই তার জন্য দোয়া করো।
তিনি আরও বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি চাঁদাবাজিসহ কোনো ধরনের জুলুম বা হয়রানি করে, তাদের ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে আইনগত ও দলীয় ব্যবস্থা নেওয়া হবে। দেশে ষড়যন্ত্র চলছে, এ ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে বিএনপির জন্য কাজ করতে হবে। দীর্ঘদিন ধরে অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করুন। তিনি একজন আপসহীন নেত্রী। এই কঠিন সময়ে বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থেকে তার পাশে থাকবে এবং দলকে আরও শক্তিশালী করতে কাজ করবে।
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফর এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
এছাড়া বক্তব্য দেন সোনারগাঁ পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, সাবেক কাউন্সিলর ফারুক আহমেদ তপন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, বিএনপি নেতা পনির হোসেন, আতাউর রহমান, মাসুদ রানা বাবুসহ অন্যান্য নেতারা। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ইমরান হোসেন/রিফাত/