‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ : নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পরিষদ মিলনায়তনে ‘সুশাসনের জন্য নাগরিক’ সুজনের, মানিকগঞ্জ জেলা কমিটির আয়োজনে এ গোলটেবিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ‘সুজনের’ জেলা কমিটির সভাপতি প্রফেসর ইন্তাজ উদ্দিন। সঞ্চালনা করেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস।
গোলটেবিল বৈঠক আলোচনায় অংশ নেন ‘সুজনের’ কেন্দ্রীয় সহযোগী সমন্বয়ক জিল্লুর রহমান তৌফিক, দি হাঙ্গার প্রজেক্টের প্রোগ্রাম ম্যানেজার আহসানুল কবীর ডলারসহ অবসরপ্রাপ্ত স্কুল কলেজের শিক্ষক, কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, তরুণ-যুবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।
বক্তারা বলেন, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন একটি রাষ্ট্রের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রধান ভিত্তি। ভোটাধিকার সুরক্ষা, নির্বাচনি প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং প্রার্থীদের জবাবদিহির বিষয়টি নিশ্চিত করতে নাগরিক সমাজকে আরও সংগঠিত ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তারা আরও বলেন, তরুণ প্রজন্মের রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণ গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, ভোটার তালিকা হালনাগাদ, প্রার্থীদের তথ্যপ্রকাশ, প্রভাবমুক্ত পরিবেশ এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত হলে দেশে গণতন্ত্রের ভিত্তি আরও মজবুত হবে। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা এবং সুশীল সমাজের মতামতকে গুরুত্ব দেওয়ার কথাও তারা উল্লেখ করেন।
গোলটেবিলে বক্তারা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনকে প্রতিযোগিতামূলক, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করতে সব পক্ষের সদিচ্ছা ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা অত্যন্ত জরুরি। নাগরিকদের সচেতনতা এবং সংগঠিত ভূমিকা নির্বাচনি পরিবেশকে আরও গতিশীল করবে বলেও তারা আশা প্রকাশ করেন।
গোলটেবিল শেষে অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় নানামুখী প্রস্তাবনা উপস্থাপন করেন এবং ভবিষ্যতে নাগরিক সমাজের আরও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আসাদ/নাঈম