আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে যখন নানা জল্পনা-কল্পনা, তখন নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে বিএনপি স্পষ্ট করেই জানিয়ে দিল, তারা নির্বাচনি প্রক্রিয়ার বাইরে যেতে চায় না এবং যথাসময়ে তফসিল ঘোষণায় তাদের কোনো আপত্তি নেই।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসে দলের প্রতিনিধিদল এই অবস্থান তুলে ধরে।
দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।
বৈঠকের শুরুতেই নজরুল ইসলাম খান বলেন, ‘খোদা না করুন-অনিবার্য পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। যথাসময়ে তফসিল ঘোষণায় আমাদের কোনো আপত্তি নেই।’
রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে জোর গুঞ্জন তৈরি হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সম্ভাব্য বিদেশযাত্রা এবং সেই প্রেক্ষাপটে তফসিল ঘোষণার সময় পরিবর্তন নিয়ে। তবে দলের প্রতিনিধিদল আলোচনায় স্পষ্ট করে জানায়, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি তাদের কাছে অগ্রাধিকার, কিন্তু নির্বাচনি প্রক্রিয়ায় থাকার সিদ্ধান্ত অপরিবর্তিত।
দলটির পক্ষ থেকে বলা হয়, নেত্রীর সুচিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে এবং তিনি শিগগিরই বিদেশে যেতে পারেন। এর মধ্যেও নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি তাদের অংশগ্রহণের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।
বৈঠকে দলটি সবচেয়ে গুরুত্ব দিয়েছে ভোটারদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টিতে। সংসদ নির্বাচন ও গণভোট-দুটি ব্যালট ব্যবহারের কারণে ভোটগ্রহণ দীর্ঘ হওয়ার আশঙ্কা থেকে বিএনপি প্রস্তাব রেখেছে, ভোটের সময়সীমা সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বাড়ানোর। একই সঙ্গে প্রতি বুথে ভোটারের সংখ্যা কমানো, মার্কিং প্লেস বাড়ানো এবং প্রয়োজনে ব্যালট বাক্সের সংখ্যা বাড়ানোর আহ্বান জানানো হয়, যাতে ভোটদানের প্রক্রিয়া দ্রুত এবং স্বচ্ছভাবে সম্পন্ন হয়।
পোস্টাল ব্যালট ও প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিয়ে বিএনপির উদ্বেগ আরও স্পষ্টভাবে উঠে আসে বৈঠকে। শুধুমাত্র এনআইডি রাখা প্রবাসী নাগরিকদের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে-এ দাবি জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, অনেক প্রবাসী বাংলাদেশির ন্যাশনাল আইডি নেই; তবে সবারই পাসপোর্ট রয়েছে। তাই পোস্টাল ব্যালটের ক্ষেত্রে পাসপোর্টকেও ভ্যালিড ডকুমেন্ট হিসেবে গ্রহণের জোরালো অনুরোধ জানায় বিএনপি।
তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মাত্র এক লাখ ৭৬ হাজার প্রবাসী অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন, যা দলটির মতে সন্তোষজনক নয়। নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে কমিশনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানায় তারা।
বিএনপি আরও জানায়, ব্যালট পেপার ছাপানোর ক্ষেত্রে কোনো প্রাইভেট প্রেস ব্যবহার করা হলে জালিয়াতি বা অনিয়মের ঝুঁকি তৈরি হতে পারে-এজন্য তারা শুধু সরকারি প্রিন্টিং প্রেস ব্যবহারের দাবি জানায়। কমিশন তাদের আশ্বস্ত করেছে, ব্যালট পেপার কোনো বেসরকারি প্রেসে ছাপানো হবে না।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘তারেক রহমান বাংলাদেশের নাগরিক এবং প্রয়োজনে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে কমিশনের কোনো বাধা নেই।’ দলটি চায়, নির্বাচন যেন সব নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করে এবং কোনো ভোটার যেন বঞ্চিত না হয়।
বৃহস্পতিবারের এই বৈঠক নির্বাচনি প্রক্রিয়ায় বিএনপির অবস্থান আরও সুস্পষ্ট করেছে-তারা অংশ নিতে চায় এবং চাইছে নির্বাচন যেন সময়মতো, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়।
ইসি জানিয়েছে, বিএনপির প্রস্তাবগুলো তারা আগামী রবিবারের সভায় আলোচনা করবে এবং বাস্তবায়নযোগ্য পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে।
এলিস/এসজি/