বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘‘নয় মাস যুদ্ধ করেছো, তোমরা গল্প বানিয়েছো ৩০ লাখ শহিদ হয়েছে।’’
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে নরসিংদীতে উলামা পরিষদ মাধবদী থানা শাখার আয়োজিত এসপি স্কুল মাঠে ইসলামী মহাসম্মেলনে এ কথা বলেন তিনি।
সম্মেলনে হাজার হাজার মুসল্লিদের উদ্দেশ্যে তিনি বলেন, “মাইন্ড কইরেন না, আমরা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে না। আমরা ঐতিহাসিক মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব করি। দুঃখ হলো, আমাদের এই বিশাল গর্ব, এই অহংকারটাকে গত ৫৫ বছর ধরে একটি মিথ্যার ওপর প্রতিষ্ঠিত করা হয়েছে।’’
এ সময় তিনি আরও বলেন, “বলার কথা ছিল তিন লাখ, ইংরেজি ভালো জানতেন না, বলে ফেলেছেন ‘থ্রি মিলিয়ন’। এরপর থেকে ৩০ লাখ মানুষ মারা গেছে-এটাই ধরে রাখতে হচ্ছে। এর চেয়ে বড় জাতির জন্য কলঙ্ক আর কিছু হতে পারে না।’’
তিনি বলেন, “যদি ত্রিশ লাখ মানুষ মারা গিয়ে থাকে, তবে তালিকা কোথায়? আমরা আমাদের ইতিহাসের মহান বীর মুক্তিযোদ্ধাদের শাহাদাতবরণকারী শহিদদের তালিকা দেখতে চাই। তালিকা কখনো প্রকাশ করোনি-কারণ তালিকা করলে এই মিথ্যাচারের গোমর ফাঁস হয়ে যেত।’’
মাওলানা মামুনুল হক আরও বলেন, “মুক্তিযুদ্ধের পর শহিদদের তালিকা প্রণয়নের কাজ শুরু হয়েছিল-এ ইতিহাস আমরা জানি। তখন তালিকা করতে গেলে কয়েক হাজার নাম পাওয়া যাচ্ছিল। তাই সেটি গুছিয়ে আলমারিতে রেখে দেওয়া হয়েছে। কারণ তালিকা খুললে তিনি যে ‘থ্রি মিলিয়ন’ বলেছেন- তা মিথ্যা প্রমাণিত হবে। একজন মানুষের একটি মিথ্যার কারণে ৫৫ বছর ধরে কোটি কোটি মানুষ মিথ্যাচার করছে।’’
তিনি বলেন, “যদি ইসলাম ক্ষমতায় আসে-আমরা শহিদদের সঠিক তালিকা প্রণয়ন করব। সেই সঙ্গে শাপলা চত্বরে যারা শহিদ হয়েছেন, তাদের তালিকাও জনগণের সামনে আনা হবে। সেই সাথে শহিদদের সকল পরিবারকে ভাতা দেওয়া হবে, আর ক্ষমতায় না গেলেও শহিদদের সম্মানের জন্য নিজের জীবন দিয়েও সত্যতা তুলে ধরব এবং তাদের পাশে থাকব।’’
সম্মেলনে সভাপতিত্ব করেন উলামা পরিষদ মাধবদী থানা শাখার সভাপতি আল্লামা মকবুল হোসেন। এতে আওলাদে রাসূল, ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে আগত বিশ্ববরেণ্য আলেম হযরত সাইয়্যেদ আসজাদ মাদানীসহ দেশের খ্যাতনামা ওলামায়ে কেরাম বয়ান পেশ করেন এবং মুসল্লিদের ঈমান-আমল দৃঢ় করার আহ্বান জানান।
ইসলামী মহাসম্মেলনে উদ্বোধনী বয়ান পেশ করেন উলামা পরিষদ মাধবদী থানা শাখার প্রধান উপদেষ্টা আল্লামা রফিকুর রহমান দা.বা.। এছাড়াও বয়ান করেন আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি ওবায়দুল্লাহ হামেরা, মুফতি ফেকহায়েতুল্লাহ আজহারী, মুফতি কামাল উদ্দিন শিহাব কালেমী এবং উলামা পরিষদ মাধবদী থানার সিনিয়র সহ-সভাপতি মুফতি ইসহাক কামাল।
আয়োজকরা জানান, ইসলামী সমাজ গঠন, যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা এবং ইসলামের শান্তির বার্তা ছড়িয়ে ইসলামী রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে এ মহাসম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শাহিন/মাহফুজ